জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, একটি কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠিত হলে জনগণের সকল সমস্যার সমাধান স্বয়ং রাষ্ট্রই করবে। তিনি রাষ্ট্রব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন এবং আল্লাহওয়ালা লোকদের হাতে ক্ষমতা অর্পণের মাধ্যমে দেশকে একটি আদর্শ কল্যাণরাষ্ট্রে পরিণত করতে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালানোর আহ্বান জানান।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর পূর্ব রামপুরা নর্থ পয়েন্ট স্কুল মাঠ সংলগ্ন কুঞ্জবনে রামপুরা উত্তর থানা জামায়াত আয়োজিত ‘অসচ্ছল পরিবারের মধ্যে ঈদ উপহার’ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। থানা আমির ফজলে আমমেদ ফজলুর সভাপতিত্বে এবং সেক্রেটারি হাফিজুর রহমানের পরিচালনায় এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন থানা নায়েবে আমির শাহাব উদ্দিন, তারবিয়ত সেক্রেটারি আবুল হাসান পাটোয়ারী, বাইতুল মাল সেক্রেটারি আবুল আল রিয়াদ, অফিস সেক্রেটারি তসলিম আলম, যুব বিভাগ সম্পাদক এস এ এম মনিরুজ্জামান, থানা এইচআরডি সম্পাদক আশরাফুর আলম এবং থানা পাঠাগার সম্পাদক কাজী মাহমুদ উল্লাহ আজাদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সেলিম উদ্দিন তার বক্তব্যে আরও বলেন, দেশে কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠিত না থাকায় জনগণ রাষ্ট্রের প্রদত্ত সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। সুশাসনের অভাবেই আমাদের নতুন প্রজন্ম মানসম্মত শিক্ষা গ্রহণ করতে পারছে না। বিশ্বের অন্যান্য রাষ্ট্র শিক্ষাক্ষেত্রে অগ্রগতির কারণে উন্নতির উচ্চ শিখরে আরোহণ করেছে, কিন্তু এক্ষেত্রে আমরা পিছিয়ে থাকায় বৈশ্বিক প্রতিযোগিতায় ক্রমেই পিছিয়ে পড়ছি।
তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, জনগণের কল্যাণে কাজ করুন। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির কাঙ্ক্ষিত উন্নয়ন সময়ের বড় দাবি। একই সাথে নগরজীবনে স্বস্তি ফিরিয়ে আনতে মশার উপদ্রব নিয়ন্ত্রণ করাও জরুরি। তিনি অনির্বাচিত প্রশাসক নয়, বরং অবিলম্বে নির্বাচন দিয়ে নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরের বিষয়টি এখন গণদাবি হিসেবে উল্লেখ করেন।
রিপোর্টারের নাম 

























