ভারতশাসিত কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং জম্মু ও কাশ্মীর ন্যাশনাল কনফারেন্সের সভাপতি ফারুক আবদুল্লাহকে হত্যার একটি প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। অল্পের জন্য তিনি এই প্রাণঘাতী হামলা থেকে রক্ষা পেয়েছেন বলে রাজ্যটির বর্তমান মুখ্যমন্ত্রী এবং ফারুক আবদুল্লাহর ছেলে ওমর আবদুল্লাহ সামাজিক মাধ্যমে জানিয়েছেন। ঘটনাটি জম্মুর গ্রেটার কৈলাস এলাকার রয়েল পার্কে একটি বিয়ের অনুষ্ঠানে ঘটে, যেখানে উপ-মুখ্যমন্ত্রী সুরিন্দর চৌধুরীও ফারুক আবদুল্লাহর সঙ্গে উপস্থিত ছিলেন।
ঘটনা চলাকালীন একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যাচ্ছে একজন ব্যক্তি পিস্তল হাতে ফারুক আবদুল্লাহর দিকে এগিয়ে আসছেন। তাৎক্ষণিকভাবে ফারুক আবদুল্লাহর নিরাপত্তা রক্ষীরা ওই ব্যক্তিকে আটক করেন। রাজ্য পুলিশ তাকে গ্রেপ্তার করেছে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে যে, গ্রেপ্তারকৃত ব্যক্তি জম্মুর বাসিন্দা এবং গত ২০ বছর ধরে ফারুক আবদুল্লাহকে হত্যার চেষ্টা করছিলেন। তবে তার এই দীর্ঘদিনের পরিকল্পনার উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি।
জেড-প্লাস এবং এনএসজি কমান্ডোদের নিরাপত্তা বলয়ে থাকার পরও একজন ব্যক্তি কীভাবে আগ্নেয়াস্ত্র নিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রীর এত কাছাকাছি পৌঁছাতে সক্ষম হলো, তা নিয়ে প্রশ্ন তুলেছেন ওমর আবদুল্লাহ। এই ঘটনাটি নিরাপত্তা ব্যবস্থার ত্রুটি নিয়েও উদ্বেগ তৈরি করেছে।
রিপোর্টারের নাম 






















