জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক এবং বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ এবং রাষ্ট্রপতিকে অপসারণের দাবিতে দল-মত নির্বিশেষে দেশের সকল নাগরিককে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন। রংপুরের শহিদ আবু সাঈদ স্টেডিয়ামে আয়োজিত এনসিপির বিভাগীয় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।
মো. নাহিদ ইসলাম বলেন, “আগামীকাল নতুন সংসদ অধিবেশন শুরু হবে এবং সারাদেশের মানুষ এই অধিবেশনের দিকে তাকিয়ে আছে। আমরা আশা করি, সরকার দলীয় সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ করবেন এবং রাষ্ট্রপতিকে অপসারণ করা হবে। যদি তা না হয়, তবে আপনাদের প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে সোচ্চার হতে হবে। এটি শুধুমাত্র আমাদের দলের দাবি নয়, এটি একটি ‘নতুন বাংলাদেশের’ দাবি। তাই এই বিষয়ে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।”
তিনি আরও বলেন, একটি কার্যকর সংসদ দেখতে চাই যেখানে বিরোধী দলকে কথা বলার সুযোগ দেওয়া হবে এবং সকল প্রতিশ্রুতি রক্ষা করা হবে। এছাড়া, গোটা দেশে বিদ্রোহের সূচনা করা শহিদ আবু সাঈদকে স্মরণ করে নাহিদ ইসলাম প্রতিশ্রুতি দেন যে, রংপুর বিভাগের সঙ্গে আগামী দিনে কোনো বৈষম্য করা হবে না।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির সদস্যসচিব ও রংপুর চার আসনের সংসদ সদস্য আখতার হোসেন, উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, কুড়িগ্রাম দুই আসনে জাতীয় নাগরিক পার্টির সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ, জাতীয় যুবশক্তির আহ্বায়ক এডভোকেট তরিকুল ইসলামসহ কেন্দ্রীয় ও রংপুর বিভাগীয় নেতৃবৃন্দ। এছাড়াও, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রংপুর মহানগরীর সদস্য সচিব এডভোকেট মাহফুজ উন নবী এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগরীর সেক্রেটারি জেনারেল কে এম আনোয়ারুল ইসলাম কাজলসহ এগারো দলীয় জোটের রংপুর বিভাগীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 
























