রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ‘স্বৈরাচারের দোসর’ আখ্যা দিয়ে তার সংসদে ভাষণ দেওয়ার অধিকার নিয়ে প্রশ্ন তুলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের। তিনি বলেন, এমন একজন ব্যক্তির সংসদে ভাষণ দেওয়ার কোনো অধিকার নেই।
বুধবার (১১ মার্চ) দুপুরে সংসদে বিরোধী দলের সংসদ সদস্যদের সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের সামনে এই মন্তব্য করেন জামায়াতের এই জ্যেষ্ঠ নেতা। তিনি আরও বলেন, বিএনপি কেন রাষ্ট্রপতিকে দিয়ে সংসদে ভাষণ দেওয়াবে, তা তাদের কাছে পরিষ্কার নয়। এ বিষয়ে বিরোধীদলীয় জোট কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে, যা আগামীকাল প্রকাশ করা হবে।
সংসদের ডেপুটি স্পিকার পদ প্রসঙ্গে সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের জানান, অধিবেশনে ডেপুটি স্পিকারের বিষয়েও বিরোধী দলের মধ্যে আলোচনা হয়েছে। এই বিষয়ে প্রস্তাব আসার পর চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।
এর আগে, জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে ১১-দলীয় জোটের নির্বাচিত সংসদ সদস্যরা একটি বৈঠক করেন। এই বৈঠকে আসন্ন সংসদ অধিবেশনে বিরোধী দলের পক্ষ থেকে উত্থাপিতব্য নোটিশ, মুলতবি প্রস্তাব এবং সাধারণ আলোচনার বিষয়বস্তু সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।
রিপোর্টারের নাম 

























