কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ তার নির্বাচনি এলাকার উন্নয়ন ও প্রশাসনিক কর্মকাণ্ডে পূর্ণ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ঘোষণা দিয়েছেন। তিনি মঙ্গলবার (১০ মার্চ) দিবাগত মধ্যরাতে নিজের ফেসবুক পেজ থেকে লাইভে এসে এলাকার বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দেন।
লাইভে হাসনাত আবদুল্লাহ জানান, গত ১৭ ফেব্রুয়ারি সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর গত তিন সপ্তাহে তিনি মূলত এলাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্প, প্রশাসনিক কাঠামো এবং সরকারি সেবার মান যাচাইয়ের কাজ করেছেন। তিনি বলেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী প্রতিটি সরকারি কাজের তথ্য জনগণের সামনে তুলে ধরা হবে।
দেবীদ্বারের রাস্তাঘাটের দুরবস্থাকে প্রধান সমস্যা হিসেবে চিহ্নিত করে তিনি জানান, বর্তমানে সড়ক ও জনপথ অধিদপ্তর, এলজিইডি এবং পিআইও অফিসের অধীনে বেশ কিছু সড়কের উন্নয়ন কাজ চলছে। বর্ষার আগেই এসব কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোকে কাজের গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ে কাজ শেষ করার কড়া নির্দেশ দেন। একই সঙ্গে একাধিক কাজ নিয়ে ধীরগতিতে করার প্রবণতা বন্ধের আহ্বান জানান তিনি, যাতে দ্রুততম সময়ে জনগণের দুর্ভোগ লাঘব হয়।
রিপোর্টারের নাম 























