জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) জানিয়েছে, ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার পরিপ্রেক্ষিতে ইরানে বসবাসকারী হাজার হাজার আফগান নাগরিক প্রতিদিন আফগানিস্তানে ফিরে যাচ্ছেন।
আল জাজিরার সঙ্গে আফগানিস্তান-ইরান সীমান্ত থেকে দেওয়া এক সাক্ষাৎকারে ইউএনএইচসিআরের আফগানিস্তান প্রতিনিধি আরাফাত জামাল বলেন, প্রতিদিন প্রায় দুই হাজার আফগান সীমান্ত অতিক্রম করে নিজ দেশে ফিরছেন। তিনি আরও জানান, সীমান্ত পার হওয়া অনেক আফগানের সঙ্গে কথা বলে জানা গেছে যে, তারা ইরানে যুদ্ধ পরিস্থিতির কারণেই দেশ ছাড়ছেন। তবে, এখন পর্যন্ত আফগানদের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট লক্ষ্যভিত্তিক সমস্যার কথা তারা উল্লেখ করেননি।
এ বছর এখন পর্যন্ত প্রায় এক লাখ ১০ হাজার আফগান ইরান ছেড়ে আফগানিস্তানে ফিরে গেছেন। এদের মধ্যে রয়েছেন দীর্ঘকাল ধরে ইরানে বসবাসকারী নাগরিক থেকে শুরু করে অভিবাসী শ্রমিক পর্যন্ত।
আরাফাত জামাল বলেন, অনেকেই সম্ভাব্য বোমা হামলার আশঙ্কায় আগাম সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে ইরান ত্যাগ করছেন। এছাড়াও, দুর্বল অর্থনীতি এবং কাজের অভাবও অনেককে দেশে ফিরতে বাধ্য করছে। তবে তিনি সতর্ক করে দিয়ে বলেন, অনেকেই ‘একটি যুদ্ধ থেকে পালিয়ে আরেকটি সংঘাতের মধ্যে ফিরে যাচ্ছেন’, কারণ আফগানিস্তান বর্তমানে প্রতিবেশী পাকিস্তানের সঙ্গে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সম্মুখীন।
তিনি মন্তব্য করেন, ‘এই মানুষগুলোর জন্য আসলে কোনো ভালো বিকল্প নেই।’
রিপোর্টারের নাম 






















