আসন্ন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে জনগণের প্রত্যাশা পূরণ এবং নগরবাসীর কল্যাণে নিবেদিতপ্রাণ, যোগ্য, সৎ ও জনমুখী নেতৃত্ব গড়ে তোলার লক্ষ্যে সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
মঙ্গলবার এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে ঢাকা মহানগর দক্ষিণ এনসিপির দপ্তর সম্পাদক আসিফ উদ্দিন সম্রাট এক বার্তায় এই আহ্বান জানান। এতে বলা হয়, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৭৫টি ওয়ার্ডে এবং ২৫টি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদের জন্য আগ্রহী প্রার্থীদের স্বতঃস্ফূর্তভাবে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।
এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে, নগর পরিচালনায় দক্ষ, সৎ এবং জনগণের সঙ্গে নিবিড়ভাবে সম্পৃক্ত নেতৃত্বই একটি আধুনিক, বাসযোগ্য ও জবাবদিহিমূলক শহর গঠনে অপরিহার্য। এই লক্ষ্যেই তৃণমূল থেকে জনপ্রিয়, পরিচ্ছন্ন ভাবমূর্তির অধিকারী এবং জনসেবায় নিবেদিত ব্যক্তিদের সামনে এগিয়ে আসার জন্য আহ্বান জানানো হয়েছে।
প্রার্থী হিসেবে আগ্রহী ব্যক্তিদের কিছু নির্দিষ্ট গুণ ও যোগ্যতা থাকা বাঞ্ছনীয় বলে বার্তায় উল্লেখ করা হয়েছে। এর মধ্যে রয়েছে জনসেবামূলক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের অভিজ্ঞতা, সৎ, স্বচ্ছ ও দায়িত্বশীল নেতৃত্বের মানসিকতা, নিজ নিজ ওয়ার্ডে সামাজিক গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তা এবং নগর সমস্যা ও নাগরিক সেবার বিষয়ে সুস্পষ্ট ধারণা ও কাজ করার আগ্রহ।
আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফরমে প্রয়োজনীয় তথ্যসহ সংক্ষিপ্ত জীবনবৃত্তান্ত, রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের বিবরণ এবং সংশ্লিষ্ট ওয়ার্ডে তাদের কাজের পরিকল্পনা জমা দিতে অনুরোধ করা হয়েছে। যাচাই-বাছাইয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের মনোনয়ন দেওয়া হবে বলে জানিয়েছে দলটি। বিস্তারিত তথ্য ও আবেদনের প্রক্রিয়া সম্পর্কে জানতে আগ্রহী প্রার্থীদের ই-মেইল: info.joinncp@gmail.com এবং হটলাইন নম্বর: +৮৮০১৩২১২১৪২১৪-এ যোগাযোগ করার জন্য বলা হয়েছে।
রিপোর্টারের নাম 























