ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ স্পষ্ট জানিয়েছেন যে, ইরান কোনো যুদ্ধবিরতি চাইছে না। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেন, “আমরা কোনোভাবেই যুদ্ধবিরতি চাইছি না। আমাদের বিশ্বাস, আগ্রাসনকারীকে এমনভাবে জবাব দিতে হবে যাতে তারা শিক্ষা পায় এবং ভবিষ্যতে আর কখনো আমাদের প্রিয় ইরানে হামলার সাহস না পায়।”
কালিবাফ আরও মন্তব্য করেন, “জায়নবাদী শাসনব্যবস্থা তাদের আধিপত্য বজায় রাখার জন্য যুদ্ধ, আলোচনা, যুদ্ধবিরতি এবং পুনরায় যুদ্ধের একটি চক্র তৈরি করতে চায়। আমরা এই অশুভ চক্রকে ভেঙে দেব।”
খাতাম আল-আনবিয়া সদর দপ্তর থেকেও এক বিবৃতিতে জানানো হয়েছে যে, ইরান যুদ্ধবিরতি চায় না এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের কর্মকাণ্ডের জন্য অনুতপ্ত না হওয়া পর্যন্ত এই সংঘাত শেষ হবে না।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিও একই ধরনের ইঙ্গিত দিয়েছেন। পিবিএস-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনার অভিজ্ঞতা অত্যন্ত তিক্ত হওয়ায়, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে পুনরায় কোনো আলোচনায় বসবে বলে তার মনে হয় না। তিনি উল্লেখ করেন, এর আগে দুই দফা আলোচনার পরই ইরানের ওপর বর্তমান হামলা চালানো হয়েছে।
অন্যদিকে, ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন যে, যুদ্ধবিরতির একটি শর্ত হলো ভবিষ্যতে ইরানের ওপর আর কখনো আক্রমণ করা হবে না এমন নিশ্চয়তা প্রদান করতে হবে।
রিপোর্টারের নাম 

























