রাজধানীর তেজগাঁও থানা এলাকা থেকে ৪৭টি মাথার খুলি ও মানবদেহের বিপুল পরিমাণ হাড়সহ সংঘবদ্ধ মানব কঙ্কাল চোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালত এই আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও থানার এসআই শাহাদাত হোসেন নাফিস আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন কাজী জহরুল ইসলাম ওরফে সৌমিক, মো. আবুল কালাম, আসাদুল মুন্সী ওরফে জসিম ওরফে এরশাদ এবং ফয়সাল আহম্মেদ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে যে, এই চক্রটি গাজীপুরসহ দেশের বিভিন্ন কবরস্থান থেকে অবৈধভাবে মানব কঙ্কাল চুরি করে চড়া দামে বিক্রি করতো।
মামলার বিবরণ অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে তেজগাঁও থানা পুলিশ মনিপুরীপাড়ার কবরস্থান থেকে মানব কঙ্কাল সংগ্রহ ও বিক্রির উদ্দেশ্যে অবস্থান নেওয়া কাজী জহুরুল ইসলামকে গ্রেপ্তার করে। তার তথ্যের ভিত্তিতে আবুল কালাম ও আসাদুল মুন্সীকে গ্রেপ্তার করা হয় এবং তাদের কাছ থেকে আরও দুটি মানব কঙ্কাল উদ্ধার করা হয়। পরবর্তীতে, তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে উত্তরা পশ্চিম থানাধীন ‘Sapporo Dental College Hospital’-এর হোস্টেলে অভিযান চালিয়ে ফয়সালকে গ্রেপ্তার করা হয় এবং তার কাছ থেকে ৪৪টি মানব কঙ্কাল উদ্ধার করা হয়। এই ঘটনায় তেজগাঁও থানার এসআই মিরাজ উদ্দিন একটি মামলা দায়ের করেছেন।
রিপোর্টারের নাম 

























