কোভিড-১৯ মহামারির কারণে ২০২০ সাল থেকে বন্ধ থাকা চীন ও উত্তর কোরিয়ার মধ্যে যাত্রীবাহী ট্রেন যোগাযোগ বৃহস্পতিবার থেকে পুনরায় চালু হতে যাচ্ছে। বেইজিং এবং দানডংয়ের টিকিট বিক্রয় কেন্দ্রগুলোর ট্রাভেল এজেন্টদের বরাতে ভ্রমণ পরিচালনাকারীরা এই তথ্য নিশ্চিত করেছেন।
প্রাথমিকভাবে, এই ট্রেন পরিষেবা চীনা নাগরিকদের জন্য উন্মুক্ত থাকবে যারা উত্তর কোরিয়ায় কাজ করছেন বা পড়াশোনা করছেন। এছাড়াও, বিদেশে কর্মরত, অধ্যয়নরত বা পারিবারিক পরিদর্শনের উদ্দেশ্যে উত্তর কোরিয়ায় যেতে ইচ্ছুক ব্যক্তিরাও এই সুযোগ পাবেন। তবে, বর্তমান পর্যায়ে পর্যটকদের জন্য ট্রেনের টিকিট উপলব্ধ থাকবে না।
ইউরোপভিত্তিক ভ্রমণ সংস্থা ইয়াং পাইওনিয়ার ট্যুরসের ট্যুর ম্যানেজার রোয়ান বিয়ার্ড এএফপিকে জানিয়েছেন, ‘আন্তর্জাতিক ট্রেন পরিষেবা পুনরায় চালু হতে দেখা সত্যিই আনন্দের। যদিও শুরুতে এটি পর্যটকদের জন্য নয়, তবে ভবিষ্যতে উত্তর কোরিয়ায় পর্যটন পুনরায় চালু হলে এটি বিমানের একটি বিকল্প হিসেবে কাজ করবে।’
উল্লেখ্য, করোনা মহামারির কারণে ২০২০ সালে দুই দেশের সীমান্ত সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়েছিল। গত বছর উত্তর কোরিয়া ও রাশিয়ার মধ্যে সরাসরি ফ্লাইট এবং ট্রেন পরিষেবা পুনরায় চালু হয়েছিল, যা দুই দেশের মধ্যে সীমিত যাতায়াতকে সহজ করে তুলেছিল।
রিপোর্টারের নাম 

























