ফ্যাসিবাদী রাষ্ট্রপতির ভাষণ শুনতে নয়, বরং সংস্কার বাস্তবায়ন করার লক্ষ্যেই সংসদে যাবেন বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। মঙ্গলবার রাজশাহী টিচার্স ট্রেনিং কলেজ মাঠে এনসিপির রাজশাহী বিভাগীয় ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন, আগামী ১২ তারিখ সংসদ অধিবেশন শুরু হবে। তিনি পরিষ্কার করে জানিয়ে দেন যে, ফ্যাসিবাদী রাষ্ট্রপতির বক্তব্য শোনার জন্য তারা সংসদে যাচ্ছেন না। বরং, সংস্কার আদায় করা, জুলাই সনদ বাস্তবায়ন করা এবং উচ্চ কক্ষ কখন গঠিত হবে, তা দেখার জন্যই তারা সংসদে যোগ দেবেন।
শহীদ শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবি জানিয়ে নাহিদ ইসলাম বলেন, হাদি ভাইয়ের হত্যাকারীদের ভারতে গ্রেপ্তার করা হয়েছে বলে তারা শুনেছেন। দ্রুত তাদের দেশে ফিরিয়ে এনে বিচার করতে হবে এবং হত্যাকাণ্ডের পেছনে যারা ছিল, তাদেরকেও বিচারের আওতায় আনতে হবে।
ফ্যামিলি কার্ড উদ্বোধনের জন্য সরকারকে ধন্যবাদ জানিয়ে নাহিদ ইসলাম বলেন, দুর্নীতি বন্ধ না হলে এবং ঋণখেলাপিদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে এই ফ্যামিলি কার্ড দেশের কোনো কাজে আসবে না। তিনি অতি দ্রুত ঋণখেলাপিদের ঋণ পরিশোধের ব্যবস্থা করার দাবি জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জাতীয় যুবশক্তির আহ্বায়ক তরিকুল ইসলামসহ এগারো দলীয় জোটের অন্যান্য নেতারা।
রিপোর্টারের নাম 























