আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (ইভিপি), বিশিষ্ট লেখক ও গবেষক মোহাম্মদ আবদুর রহিম খানের জানাজা সোমবার বাদ জোহর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হয়েছে। জানাজায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি ইমামতি করেন।
এসময় জানাজায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মুফতি ড. খলিলুর রহমান মাদানী, ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও দক্ষিণের সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেন এমপি, দক্ষিণের কর্মপরিষদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন এমপি, মহানগরীর কর্মপরিষদ সদস্য আব্দুস সালাম ও শাহীন আহমেদ খানসহ কেন্দ্রীয় ও মহানগরীর নেতারা।
এর আগে মরহুমের মৃত্যুতে এক যৌথ শোকবার্তায় গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল এমপি এবং সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি। তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা করে বলেন, আবদুর রহিম খান ছিলেন একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব, লেখক ও গবেষক। তিনি আমৃত্যু ইসলামী আন্দোলনের একজন সক্রিয় সদস্য ছিলেন এবং দ্বীন কায়েমের আন্দোলনে তার ভূমিকা চিরস্মরণীয়।
উল্লেখ্য, মোহাম্মদ আবদুর রহিম খান গত রবিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সাহিত্য সংস্কৃতি বিভাগের সদস্য (রুকন) হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
রিপোর্টারের নাম 

























