চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে দায়ের করা একটি মামলায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এবং কণ্ঠশিল্পী আসিফ আকবরকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। সোমবার (৯ মার্চ) ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক আয়েশা আক্তার মৌসুমী এই রায় ঘোষণা করেন। এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন আসিফ আকবরের আইনজীবী প্রদীপ কুমার দেবনাথ।
মামলার বিচার প্রক্রিয়ায় গত ৩ মার্চ সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয় এবং যুক্তিতর্ক শেষে রায় ঘোষণার জন্য সোমবার দিন ধার্য করা হয়েছিল। শুনানির সময় আসিফ আকবর আদালতে উপস্থিত ছিলেন। রায়ের প্রতিক্রিয়ায় আসিফ আকবর বলেন, তিনি ন্যায়বিচার পেয়েছেন। প্রায় আট বছর ধরে কোনো অপরাধ না করেও তাকে আদালতে হাজিরা দিতে হয়েছে, তবে তিনি কোনো প্রকার প্রভাব বিস্তারের চেষ্টা করেননি বলে জানান।
মামলার অভিযোগে বলা হয়, ২০১৮ সালের ৬ জুন তেজগাঁও থানার পান্থপথে অবস্থিত আর্ব এন্টারটেইনমেন্টের কার্যালয় থেকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের একটি মামলায় আসিফ আকবরকে গ্রেপ্তার করা হয়েছিল। গ্রেপ্তারের সময় তার অফিস কক্ষ থেকে চারটি টাকিলা মদের বোতল উদ্ধার করা হয়। এই মদগুলো মাদকদ্রব্য অধিদপ্তরে পরীক্ষার জন্য পাঠানো হয়। লাইসেন্স ছাড়া বিদেশি মদ নিজের দখলে রাখার অভিযোগে ২০১৯ সালের ২৩ জুলাই সিআইডি পুলিশের সাইবার তদন্ত শাখার উপ-পরিদর্শক প্রশান্ত কুমার সিকদার তেজগাঁও থানায় মামলাটি দায়ের করেন।
তদন্ত শেষে ২০১৯ সালের ১৩ অক্টোবর পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) উপ-পরিদর্শক মো. জামাল উদ্দিন আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। ২০২৪ সালের ২৫ নভেম্বর আদালত তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। বিচার চলাকালে তিন জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়।
রিপোর্টারের নাম 

























