সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জে এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি সবসময় নারীর ক্ষমতায়ন, মর্যাদা বৃদ্ধি এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যে কাজ করে আসছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে। সোমবার (৯ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা (জাসাস) আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।
ডা. জাহিদ হোসেন বলেন, বাংলাদেশে নারীর ক্ষমতায়নের ভিত্তি স্থাপন করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং পরবর্তীতে সেই ধারাবাহিকতা বজায় রাখেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বর্তমানে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে এই আদর্শ অনুসরণ করেই দেশের উন্নয়ন ও জনকল্যাণে কাজ করা হচ্ছে। বিএনপির সরকারের সময়েই মেয়েদের স্কুলে ইউনিফর্ম দেওয়া, বিনামূল্যে পাঠ্যবই বিতরণ এবং দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষা কার্যক্রমে বিভিন্ন সুবিধা নিশ্চিত করার মতো গুরুত্বপূর্ণ উদ্যোগ বাস্তবায়িত হয়েছে। এছাড়াও, নারীর অবদানকে স্বীকৃতি দিতে বেগম রোকেয়া পদক চালু করা হয়েছিল, যা নারীর অগ্রগতিতে বিশেষ ভূমিকা রেখেছে।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী আরও জানান, খালেদা জিয়ার শাসনামলে শিক্ষার্থীদের জন্য দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষা সহয়তার সুযোগ সৃষ্টি করা হয়েছিল, যা বর্তমান প্রধানমন্ত্রী স্নাতক পর্যন্ত বিস্তৃত করার পরিকল্পনা করছেন। বিএনপির বর্তমান নেতৃত্ব পরিবারভিত্তিক ‘ফ্যামিলি কার্ড’ চালুর একটি পরিকল্পনা করছে, যেখানে পরিবারের নারী অভিভাবকের নামে কার্ড ইস্যু করা হবে এবং ধীরে ধীরে এটি ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’ পদ্ধতিতে রূপান্তর করার লক্ষ্য রয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে বর্তমানে প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা এবং গর্ভবতী নারীদের সহায়তাসহ বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি চালু রয়েছে। এছাড়াও, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত দরিদ্র মানুষের চিকিৎসার জন্য আর্থিক সহায়তার ব্যবস্থাও রয়েছে।
রিপোর্টারের নাম 

























