নারী নির্যাতন বন্ধে দেশের বিচারব্যবস্থাকে ঢেলে সাজানোর জোর দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা। একইসঙ্গে নারী ও শিশু নির্যাতন দমনে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠনের আহ্বানও জানান তিনি।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রোববার বিকেলে রাজধানীর মগবাজারে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন সমাজ কল্যাণ বিভাগীয় সেক্রেটারি খন্দোকার আয়শা খাতুন। কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ইরানী আক্তার উদ্বোধনী বক্তব্য রাখেন এবং আইন ও মানবসম্পদ বিভাগীয় সেক্রেটারি অ্যাডভোকেট সাবিকুন্নাহার মুন্নি প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন।
নূরুন্নিসা সিদ্দীকা তার বক্তব্যে কিছু নারীবাদী সংগঠনের সমালোচনা করে বলেন, বোরকা পরা মুসলিম নারী সহিংসতার শিকার হলে তারা প্রতিবাদী হন না, বরং নির্দিষ্ট শ্রেণির নারীদের এজেন্ডা বাস্তবায়নে তৎপর থাকেন। তিনি নারী ইস্যুতে সকল নারীদের ঐক্যবদ্ধভাবে আওয়াজ তোলার আহ্বান জানান।
আলোচনা সভায় প্রধান বক্তা তার বক্তব্যে নারীর ক্ষমতায়নের ভারসাম্য আনতে ‘জুলাই সনদের’ বাস্তবায়ন জরুরি বলে মত দেন। তিনি আরও উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে শিক্ষাব্যবস্থাসহ সমাজের সকল ক্ষেত্রে বিদ্যমান অনৈতিক পরিবেশ নারীর প্রতি সহিংসতা বৃদ্ধিতে ভূমিকা রাখছে।
সভাপতির বক্তব্যে খন্দকার আয়শা খাতুন নারী অধিকার রক্ষায় সকল শ্রেণি-পেশার নারীদের মধ্যে সচেতনতা সৃষ্টির গুরুত্ব তুলে ধরেন। আলোচনা সভায় কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্যসহ রাজধানীর বিভিন্ন শ্রেণি-পেশার নারীরা উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 
























