জাতীয়তাবাদী শ্রমিক দলের কোনো নেতাকর্মী কোনো ধরনের অনৈতিক কাজে লিপ্ত হতে পারবেন না এবং কাউকে এমন সুযোগও দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন সংগঠনের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি কারো বিরুদ্ধে নীতিবহির্ভূত কাজে জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়, তবে সাথে সাথেই তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
শনিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে শ্রমিক দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটি, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এবং বেসিক ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দকে নিয়ে এই সভার আয়োজন করা হয়।
পরিবহন খাতের শৃঙ্খলা প্রসঙ্গে শিমুল বিশ্বাস বলেন, আসন্ন ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে সম্ভাব্য সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে। বিশেষ করে পরিবহন সেক্টরে কোনো ধরনের চাঁদাবাজি বা অতিরিক্ত ভাড়া আদায় বরদাশত করা হবে না। যাত্রী হয়রানি বন্ধে এবং চাঁদাবাজদের দমনে প্রশাসন ও সংশ্লিষ্টদের কঠোর অবস্থানে থাকার আহ্বান জানান তিনি।
দেশের শিল্পখাতের স্থবিরতা কাটিয়ে ওঠার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, দীর্ঘ সময় ধরে কলকারখানায় নিয়োগ প্রক্রিয়া বন্ধ থাকায় কর্মসংস্থানে সংকট তৈরি হয়েছে। বর্তমান গণতান্ত্রিক সরকার মেধা ও যোগ্যতার ভিত্তিতে এসব শূন্যপদে নিয়োগ নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। তিনি আরও উল্লেখ করেন, দীর্ঘ আন্দোলন ও ত্যাগের বিনিময়ে অর্জিত এই সরকারকে দেশের শ্রমিক সমাজ পূর্ণ সমর্থন দিয়ে যাবে।
সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে চলমান সাংগঠনিক সফরের অগ্রগতি নিয়ে সভায় বিস্তারিত আলোচনা করা হয়।
শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইনের সভাপতিত্বে এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জুর সঞ্চালনায় সভায় সংগঠনের বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতারা বক্তব্য রাখেন। সভায় বক্তারা দলের শৃঙ্খলা রক্ষা এবং দেশ ও শ্রমিকের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
রিপোর্টারের নাম 
























