ঘরে এবং বাইরে নারী ও কন্যাশিশুর পূর্ণ নিরাপত্তা এবং সামাজিক মর্যাদা নিশ্চিত করা ছাড়া প্রকৃত ক্ষমতায়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে দেশ ও বিদেশের সকল নারীকে শুভেচ্ছা জানিয়ে দেওয়া এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।
নূরুন্নিসা সিদ্দীকা বলেন, বর্তমান বিশ্ব রাজনীতিতে নারীর ক্ষমতায়ন নিয়ে ব্যাপক আলোচনা হলেও বাংলাদেশে নারীদের জন্য নিরাপদ ও সহায়ক পরিবেশের যথেষ্ট অভাব রয়েছে। তিনি মনে করেন, নারীর সুরক্ষা নিশ্চিত না করে কেবল ক্ষমতায়নের বুলি আওড়ানো বাস্তবতার সঙ্গে সংগতিপূর্ণ নয়। সমাজ ও সভ্যতার বিকাশে নারীদের যে ত্যাগ ও শ্রম রয়েছে, তার যথাযথ স্বীকৃতি প্রদানের মাধ্যমেই নারী দিবসের সার্থকতা নিহিত।
বিবৃতিতে তিনি আরও উল্লেখ করেন, এবারের নারী দিবসের প্রতিপাদ্য ‘আজকের পদক্ষেপ আগামীর ন্যায়বিচার—সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’ অত্যন্ত সময়োপযোগী। তবে এই প্রতিপাদ্য যেন কেবল আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না থাকে, সেদিকে বিশেষ নজর দেওয়া প্রয়োজন। সাম্প্রতিক সময়ে দেশে নারী ও শিশুদের ওপর ক্রমবর্ধমান সহিংসতা ও নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, এমন পরিস্থিতি একটি সুস্থ সমাজের অন্তরায়।
ইসলামী আদর্শের কথা উল্লেখ করে নূরুন্নিসা সিদ্দীকা বলেন, ইসলাম নারীকে সর্বোচ্চ সম্মান ও অধিকার প্রদান করেছে। আল্লাহর দেওয়া সেই অধিকার ও মর্যাদা নিশ্চিত করার মাধ্যমেই একটি ইনসাফপূর্ণ ও মানবিক সমাজ গঠন করা সম্ভব। এ ক্ষেত্রে পরিবার থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
সবশেষে, নারী ও কন্যাশিশুরা যেন বৈষম্যহীন ও নিরাপদ পরিবেশে নিজেদের মেধা ও যোগ্যতার পূর্ণ বিকাশ ঘটিয়ে দেশ গঠনে অংশ নিতে পারে, তেমন একটি সমাজ বিনির্মাণের প্রত্যয় ব্যক্ত করেন এই নেত্রী।
রিপোর্টারের নাম 
























