ইসলাম মানবজাতির জন্য এক সহজ ও স্বভাবসম্মত জীবনবিধান। এটি মানুষের ওপর তার সাধ্যের অতিরিক্ত কোনো কিছু চাপিয়ে দেয় না। পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা ইরশাদ করেন, ‘আল্লাহ কোনো ব্যক্তিকে তার সামর্থ্যের বাইরে কিছু চাপিয়ে দেন না…।’ (সুরা বাকারা, আয়াত: ২৮৬) এই উদারতার বাস্তব দৃষ্টান্ত হলো সফরের ক্ষেত্রে ইবাদতের বিধান। ভ্রমণে বের হলে নামাজ ও রোজার মতো গুরুত্বপূর্ণ ইবাদতে কী ধরনের শিথিলতা রয়েছে, তা নিয়ে অনেক মুমিনের মনে প্রশ্ন জাগে।
ইসলামী শরীয়ত অনুযায়ী, যখন কোনো ব্যক্তি তার নিজ এলাকার লোকালয় থেকে কমপক্ষে ৪৮ মাইল (৭৭.২৩২ কিলোমিটার) দূরত্বে কোনো স্থানে যাওয়ার উদ্দেশ্যে বের হন, তখন তাকে মুসাফির গণ্য করা হয়। এই পরিস্থিতিতে মুসাফিরের জন্য নামাজ ও রোজায় বিশেষ ছাড়ের বিধান রয়েছে।
মুসাফিরের নামাজ: কসরের সহজ বিধান
মুসাফিরের জন্য নামাজ সংক্ষিপ্ত করে আদায় করা আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ অনুগ্রহ। এই উপহার গ্রহণ করা মুমিনের জন্য কর্তব্য। চার রাকাত বিশিষ্ট ফরজ নামাজ (যেমন: জোহর, আসর ও ইশা) মুসাফির দুই রাকাত আদায় করবেন। একে কসরের নামাজ বলা হয়।
পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা বলেন, ‘আর যখন তোমরা যমিনে সফর করবে, তখন তোমাদের সালাত কসর করাতে কোনো দোষ নেই…।’ (সুরা নিসা, আয়াত: ১০১)
তবে, যদি মুসাফির ব্যক্তি মুক্তাদি হিসেবে জামাতে নামাজ আদায় করেন, তাহলে ইমামের অনুসরণ করে পূর্ণ নামাজ আদায় করতে হবে। আর যদি কোনো মুসাফির ইমামতি করেন, তবে তিনি কসরের নামাজই পড়াবেন এবং শুরুর দিকে জানিয়ে দেবেন যে তিনি মুসাফির। তিনি দুই রাকাত পড়ে সালাম ফেরাবেন এবং তার অনুসরণকারী মুক্তাদিরা দাঁড়িয়ে বাকি দুই রাকাত সম্পন্ন করবেন।
গন্তব্যে পৌঁছার পর যদি সেখানে ১৫ দিনের কম থাকার নিয়ত থাকে, তাহলে এই দিনগুলোতেও কসর আদায় করতে হবে। তবে, গন্তব্যস্থল নিজ বাড়ি হলে কিংবা ১৫ দিন বা তার বেশি দিন থাকার নিয়ত করলে কসর পড়া যাবে না; বরং পূর্ণ নামাজ আদায় করতে হবে।
মুসাফিরের রোজা: কাজা করার সুযোগ
রমজানে মুসাফির ব্যক্তির জন্য রোজা না রাখার অনুমতি রয়েছে। তবে, যদি কষ্ট না হয়, তাহলে রোজা পালন করাই উত্তম। এ অবস্থায় রোজা না রাখলে পরবর্তীতে তা কাজা করে নিতে হবে।
আল্লাহ তায়ালা বলেন, ‘(রোজা) নির্দিষ্ট কয়েকটি দিনের জন্য, অতঃপর তোমাদের মধ্যে যে পীড়িত কিংবা মুসাফির সে অন্য সময় এ সংখ্যা পূরণ করে নেবে।’ (সুরা বাকারা, আয়াত: ১৮৪)
কোনো মুসাফির যদি সফর অবস্থায় রোজা রাখতে না চান, তাহলে তিনি দিনের শুরু থেকেই পানাহার করতে পারবেন। তবে, যদি তিনি রোজা শুরু করেন এবং বিনা কারণে দিনের বেলায় তা ভেঙে ফেলেন, তবে তা জায়েজ হবে না। এই রোজা তাকে পরবর্তীতে কাজা করতে হবে।
ইসলাম মানুষকে সহজ পথে ইবাদত পালনের সুযোগ দিয়ে জীবনকে আরও সুন্দর ও সুশৃঙ্খল করেছে। সফরের এই বিধানগুলো আল্লাহর বিশেষ রহমত, যা মুমিনদের জন্য অত্যন্ত উপকারী।
লেখক: ইসলামী গবেষক ও গণমাধ্যমকর্মী
রিপোর্টারের নাম 





















