আগামী বছর ফেব্রুয়ারি-মার্চ মাসে টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে, যা হাইব্রিড মডেলে ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে আয়োজন করবে। এই বিশ্ব আসরের প্রস্তুতির অংশ হিসেবে ডিসেম্বরে শ্রীলঙ্কায় একটি ত্রিদেশীয় সিরিজে অংশগ্রহণের কথা ছিল বাংলাদেশের। তবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগে লিটন দাসের দল সেই টুর্নামেন্টে আর খেলছে না।
পাকিস্তান ও বাংলাদেশকে নিয়ে আগামী ২৭ নভেম্বর যে টুর্নামেন্ট শুরু হওয়ার কথা ছিল এবং যার ফাইনাল ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, সেই সিরিজটিতে শুরুতে ইতিবাচক সাড়া দিলেও শেষ পর্যন্ত অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টানা খেলার মধ্যে থাকায় ক্রিকেটারদের কিছুটা বিশ্রাম দেওয়ার উদ্দেশ্যেই শ্রীলঙ্কায় ত্রিদেশীয় সিরিজ খেলতে যাচ্ছে না বাংলাদেশ।
সিরিজটি নিয়ে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম বলেন, “না, আমরা শ্রীলঙ্কায় ত্রিদেশীয় সিরিজ খেলতে যাচ্ছি না। হচ্ছে না ওইটা।” ত্রিদেশীয় সিরিজে অংশ না নেওয়ায় এখন বিপিএল দিয়েই বিশ্বকাপের প্রস্তুতি সারতে হবে টাইগারদের।
কয়েক দিন আগেই শেষ হয়েছে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ। আগামী ১১ নভেম্বর থেকে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ, যেখানে টেস্টের পাশাপাশি টি-টোয়েন্টি সিরিজও রয়েছে। আয়ারল্যান্ড সিরিজ শেষে ১৯ ডিসেম্বর থেকে লিটনরা বিপিএল খেলতে নামবেন। এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট দিয়েই বাংলাদেশের ক্রিকেটাররা বিশ্বকাপের প্রস্তুতি সম্পন্ন করবেন।
রিপোর্টারের নাম 























