ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর পর দেশটির নতুন শীর্ষ নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন তার ছেলে মোজতবা খামেনি। বুধবার এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। দেশটির প্রভাবশালী নীতিনির্ধারণী পর্ষদ ‘এসেম্বলি অব এক্সপার্টস’ মোজতবাকে এই গুরুত্বপূর্ণ পদে আসীন করার সিদ্ধান্ত নিয়েছে।
সূত্রমতে, ইরানের ক্ষমতাধর সামরিক শাখা বিপ্লবী গার্ডের (আইআরজিসি) ব্যাপক চাপের মুখে বিশেষজ্ঞ পরিষদ মোজতবা খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মনোনীত করে। দীর্ঘ ৩৬ বছর ধরে ইরানের শীর্ষ নেতৃত্ব দেওয়া আলি খামেনির স্থলাভিষিক্ত হলেন তার পুত্র।
এদিকে, গত শনিবার সকালে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ৮৬ বছর বয়সী আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন। দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে ইরানের শাসনব্যবস্থার কেন্দ্রবিন্দুতে থাকা এই নেতার মৃত্যুতে দেশটিতে এক শোকাবহ পরিবেশ বিরাজ করছে। তার শেষ ইচ্ছা অনুযায়ী, জন্মস্থান মাশহাদ শহরের পবিত্র ইমাম রেজা মাজার প্রাঙ্গণে তাকে সমাহিত করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
মাশহাদ শহরটি ইরানিদের কাছে অত্যন্ত পবিত্র ও শ্রদ্ধেয় স্থান হিসেবে পরিচিত। সেখানেই সমাহিত হতে চেয়েছিলেন বিদায়ী এই নেতা। তবে দাফন প্রক্রিয়ার নির্দিষ্ট সময়সূচি এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। ১৯৩৯ সালে মাশহাদে জন্মগ্রহণ করা আলি খামেনি ইরানের ইতিহাসে অন্যতম দীর্ঘস্থায়ী শাসক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার প্রয়াণ এবং নতুন নেতার অভিষেক ইরানের অভ্যন্তরীণ ও ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
রিপোর্টারের নাম 






















