জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) ছাত্র সংগঠন ‘জাগপা ছাত্রলীগ’ তার ৪৬ বছরের পুরোনো নাম পরিবর্তন করে নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করেছে। এখন থেকে সংগঠনটি ‘জাগপা ছাত্র কাফেলা’ নামে তাদের সকল সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে। ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের কর্মকাণ্ডের কারণে ‘ছাত্রলীগ’ নামের প্রতি মানুষের মধ্যে সৃষ্ট নেতিবাচক ধারণার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে জাগপা।
মঙ্গলবার (৩ মার্চ) সকালে জাগপার কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই নাম পরিবর্তনের ঘোষণা দেওয়া হয়। জাগপা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহমান ফারুকী সংগঠনের এই সিদ্ধান্ত জাগপার মুখপাত্র রাশেদ প্রধানকে অবহিত করেন।
নাম পরিবর্তনের কারণ ব্যাখ্যা করে আব্দুর রহমান ফারুকী বলেন, মজলুম জননেতা শফিউল আলম প্রধানের হাতে ১৯৮০ সালে জাগপা ছাত্রলীগ প্রতিষ্ঠিত হয়। দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও গণমানুষের অধিকার আদায়ের সংগ্রামে, বিশেষ করে ১৯৯০ ও ২০২৪ সালের গণঅভ্যুত্থানে সংগঠনটি বলিষ্ঠ ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
তিনি আরও উল্লেখ করেন, বর্তমানে ফ্যাসিবাদী আওয়ামী লীগের ছাত্র সংগঠন ‘বাংলাদেশ ছাত্রলীগ’ দীর্ঘদিন ধরে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকায় দেশের সাধারণ মানুষের মনে ‘ছাত্রলীগ’ নামের প্রতি এক তীব্র ঘৃণা ও বিতৃষ্ণা তৈরি হয়েছে। জনগণের এই মনোভাবের প্রতি সম্মান জানিয়ে জাগপা ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদ এক জরুরি বৈঠকে বসে এবং সর্বসম্মতিক্রমে ‘ছাত্রলীগ’ শব্দটি বাদ দিয়ে নতুন নাম ‘জাগপা ছাত্র কাফেলা’ রাখার সিদ্ধান্ত গ্রহণ করে।
উল্লেখ্য, এই ছাত্র সংগঠনটির একটি দীর্ঘ ইতিহাস রয়েছে। ১৯৪৮ সালে ‘পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ’ নামে এর যাত্রা শুরু হয়, যা পরবর্তীতে ‘বাংলাদেশ ছাত্রলীগ’ নামে পরিচিতি লাভ করে। ১৯৭৫ সালে তৎকালীন বাকশাল সরকার ‘বাংলাদেশ ছাত্রলীগ’কে নিষিদ্ধ ঘোষণা করলেও, সেই সময়ের ছাত্রলীগ নেতৃবৃন্দ এই আদেশ প্রত্যাখ্যান করেন এবং ‘ছাত্রলীগ প্রধান’ নামে তাদের কার্যক্রম চালিয়ে যান। এরপর ১৯৮০ সালে এই সংগঠনটিই ‘জাগপা ছাত্রলীগ’ নামে নামকরণ করা হয়েছিল।
রিপোর্টারের নাম 
























