শিক্ষা, বাণিজ্য এবং ইসলামী মূল্যবোধের ভিত্তিতে বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার বিষয়ে ঐকমত্য পোষণ করেছে বাংলাদেশ খেলাফত মজলিস ও পাকিস্তান হাইকমিশন। মঙ্গলবার ঢাকায় পাকিস্তান হাইকমিশনে হাইকমিশনার ইমরান হায়দারের সঙ্গে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হকের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাতে এই ঐকমত্য হয়।
বৈঠকে দুই দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য পাকিস্তানে উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণ এবং হালাল শিল্প ও ব্যবসা-বাণিজ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের মতো বিষয়গুলো বিশেষভাবে গুরুত্ব পায়।
আলোচনায় আল্লামা মামুনুল হক বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের মুসলিম জনগোষ্ঠীর মধ্যে শতাব্দীর পুরোনো ধর্মীয় ও সাংস্কৃতিক বন্ধন বিদ্যমান। তিনি এই ঐতিহাসিক বন্ধনকে শিক্ষা, বাণিজ্য এবং মানবসম্পদ উন্নয়নে সহযোগিতার একটি সুসংগঠিত কাঠামোয় রূপ দেওয়ার ওপর জোর দেন।
ভবিষ্যতে এই সহযোগিতামূলক সম্পর্ককে আনুষ্ঠানিক রূপ দিতে উভয় পক্ষ একমত হয় এবং নিয়মিত যোগাযোগ অব্যাহত রাখার সিদ্ধান্ত নেয়।
বৈঠকে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন যুগ্ম-মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন এবং পররাষ্ট্র ও আন্তর্জাতিক বিষয়ক সচিব ফারিদ খান। অন্যদিকে, পাকিস্তান হাইকমিশনের পক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি হাইকমিশনার মুহাম্মদ ওয়াসিফ।
রিপোর্টারের নাম 

























