চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নে অবস্থিত একটি শীর্ষস্থানীয় স্টিল কারখানায় সংঘবদ্ধ ডাকাতির ঘটনায় পুলিশ সাতজনকে গ্রেফতার করেছে। শনিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার গভীর রাতে কারখানা প্রাঙ্গণে ১৫ থেকে ২০ জনের একটি ডাকাত দল হানা দেয়। তাদের মূল উদ্দেশ্য ছিল কারখানার স্ক্র্যাপ লোহা ও রড লুট করা। কারখানায় প্রবেশ করে তারা লুটপাটের চেষ্টা চালায়।
এ সময় কারখানার নিরাপত্তাকর্মীরা বাধা দিলে ডাকাত দল তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে পাঁচজন নিরাপত্তাকর্মী গুরুতর আহত হন। দুর্বৃত্তরা কারখানার সিকিউরিটি অফিস ভাঙচুর করে নগদ অর্থও লুট করে নিয়ে যায়।
ঘটনার পরদিন শুক্রবার রাতে কারখানার শিফট সিকিউরিটি ইনচার্জ মো. আলাউদ্দিন বাদী হয়ে সীতাকুণ্ড মডেল থানায় একটি মামলা দায়ের করেন। এই মামলায় এজাহারনামীয় ১০ জনসহ অজ্ঞাত আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়েছে।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান, ডাকাতির চেষ্টা ও হামলার ঘটনায় সাতজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, এই ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
গ্রেফতারকৃতদের মধ্যে মো. আরশাদুর রহমান (২০), মো. জামাল (৩৮), রমজান আলী (২৮), মো. রনি (২০), মো. আলাউদ্দিন (৪৮), মো. খোকন (৩০) ও মো. এছহাক (৪৮) রয়েছেন। পৃথক মামলায় আরও পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে বলেও পুলিশ জানিয়েছে।
রিপোর্টারের নাম 





















