মাদারীপুরের শিবচরে সাড়ে ৩২ কেজি ওজনের একটি বিশালাকৃতির সামুদ্রিক কচ্ছপ উদ্ধার করেছে উপজেলা মৎস্য বিভাগ। রোববার বিকেলে শিবচর বরহামগঞ্জ কলেজ সংলগ্ন এলাকা থেকে কচ্ছপটি উদ্ধারের পর ওই দিনই সেটিকে পদ্মা নদীতে অবমুক্ত করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, চাঁদপুরের জেলেদের জালে ধরা পড়া এই কচ্ছপটি বিক্রির উদ্দেশ্যে শিবচরে নিয়ে আসা হয়েছিল। এক হাজার ৫০০ টাকায় বিক্রির জন্য কচ্ছপটিকে কলেজ সংলগ্ন সড়কের পাশে রশি দিয়ে বেঁধে রাখা হয়। খবর পেয়ে উপজেলা মৎস্য বিভাগ দ্রুত অভিযান চালিয়ে কচ্ছপটি উদ্ধার করে।
মৎস্য ব্যবসায়ীদের সূত্রে জানা যায়, কচ্ছপটি চাঁদপুর এলাকা থেকে দুই জেলে কিনে শিবচরে নিয়ে এসেছিলেন। বিক্রির জন্য তারা ক্রেতা খুঁজছিলেন। তবে প্রশাসনের তৎপরতার খবর পেয়ে জড়িতরা কচ্ছপটি ফেলে রেখে সটকে পড়ে। উদ্ধার হওয়া কচ্ছপটির সঠিক ওজন ৩২ কেজি ৫০০ গ্রাম।
শিবচর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদার জানান, “কলেজ রোডের পাশে অজ্ঞাত কেউ কচ্ছপটি রশি দিয়ে বেঁধে রেখেছিল। খবর পাওয়ার সাথে সাথে আমরা শিবচর থানা পুলিশের একটি দলসহ ঘটনাস্থলে পৌঁছে কচ্ছপটি উদ্ধার করি। পরে সেটিকে উপজেলার কাঁঠালবাড়ী সংলগ্ন পদ্মা নদীতে অবমুক্ত করা হয়েছে। তবে এ ঘটনার সাথে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।”
বন্যপ্রাণী ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে স্থানীয় মৎস্য বিভাগ।
রিপোর্টারের নাম 























