রাজধানীর মিরপুরে অবস্থিত বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানাকে বিশ্বমানের আধুনিক বিনোদন কেন্দ্রে রূপান্তর করতে সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। রোববার জাতীয় চিড়িয়াখানার জু রিসার্চ এডুকেশন অ্যান্ড সার্ভে সেন্টারে কর্মকর্তাদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।
প্রতিমন্ত্রী বলেন, জাতীয় চিড়িয়াখানা একটি অত্যন্ত সম্ভাবনাময় খাত। সঠিক পরিকল্পনা ও দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে একে আরও সুসংগঠিত করা সম্ভব। সরকার চায় এই প্রতিষ্ঠানটিকে একটি লাভজনক ও দর্শনার্থীবান্ধব স্থানে পরিণত করতে। তিনি আরও যোগ করেন, “আমরা জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করতে চাই। সাধারণ মানুষ যে প্রত্যাশা নিয়ে আমাদের নির্বাচিত করেছে, সেই আস্থা রক্ষা করাই আমাদের মূল লক্ষ্য। কেবল আনুষ্ঠানিকতা পালনের জন্য আমরা দায়িত্বে আসিনি।”
পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনায় তিনি চিড়িয়াখানার বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করতে এসেছেন। ঢাকা শহরে পর্যাপ্ত বিনোদন কেন্দ্রের অভাব থাকায় মানুষ ছুটির দিনে ঢাকার বাইরে চলে যায়। তাই চিড়িয়াখানার কোনো অব্যবস্থাপনা বা ত্রুটি রয়েছে কি না, তা খতিয়ে দেখতেই এই আকস্মিক পরিদর্শন। তিনি বলেন, জাতীয় চিড়িয়াখানাকে কীভাবে আন্তর্জাতিক মানদণ্ডে উন্নীত করা যায়, সে বিষয়ে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হবে।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী চিড়িয়াখানার বেদখল হয়ে থাকা ৭ একর জমি দ্রুত পুনরুদ্ধারের কঠোর নির্দেশ দেন। এ বিষয়ে বিস্তারিত তথ্য ও প্রয়োজনীয় নথিপত্র দ্রুত মন্ত্রণালয়ে পাঠানোর জন্য তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাগিদ দেন। এদিন তিনি বিভিন্ন প্রাণীর খাঁচা, চিকিৎসাকেন্দ্র এবং ওষুধ সংরক্ষণাগার সরেজমিনে ঘুরে দেখেন। এসময় তিনি প্রাণীদের খাদ্য সরবরাহ, স্বাস্থ্য ব্যবস্থাপনা ও সার্বিক পরিচর্যার বিষয়ে কর্মকর্তাদের কাছ থেকে তথ্য নেন।
প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. মো. বয়জার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় চিড়িয়াখানার বর্তমান সমস্যা ও সম্ভাবনা তুলে ধরেন পরিচালক ড. মোহাম্মাদ রফিকুল ইসলাম তালুকদার। অনুষ্ঠানে চিড়িয়াখানাকে আধুনিকায়নের একটি ভিডিও তথ্যচিত্রও প্রদর্শন করা হয়। পরিদর্শনকালে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং কিউরেটরসহ সংশ্লিষ্ট বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 























