ইসলামী হুকুমত তথা কোরআন ও সুন্নাহর বিধান বাস্তবায়ন ছাড়া সমাজ থেকে সুদ, ঘুষ ও দুর্নীতি নির্মূল করে প্রকৃত ইনসাফ কায়েম করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী। তিনি বলেন, মানুষের তৈরি আইন দিয়ে পৃথিবীতে কখনো টেকসই শান্তি বা মানবাধিকার নিশ্চিত করা সম্ভব নয়।
শুক্রবার রাজধানীর পল্টনের ফারস হোটেলে ‘ইসলামী হুকুমত প্রতিষ্ঠার শপথ দিবস’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভা ও ইফতার মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ খেলাফত আন্দোলন এই অনুষ্ঠানের আয়োজন করে।
মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী বলেন, “এই জমিন ও আমরা সবাই মহান আল্লাহর সৃষ্টি। তাই ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রের প্রতিটি স্তরে সৃষ্টিকর্তার দেওয়া বিধান অনুসরণ করাই শান্তি ও মুক্তির একমাত্র পথ। মানব রচিত আইন দিয়ে ইনসাফ প্রতিষ্ঠার চেষ্টা বৃথা।” তিনি আরও উল্লেখ করেন, পবিত্র রমজান মাস কোরআন নাজিলের মাস। তাই এই মাসেই আল্লাহর জমিনে ইসলামী শাসন প্রতিষ্ঠার সংগ্রামকে আরও বেগবান করার শপথ নিতে হবে।
ইফতার মাহফিলে আমন্ত্রিত অতিথি হিসেবে দেশের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের শীর্ষ নেতারা বক্তব্য রাখেন। সভায় উপস্থিত ছিলেন খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা ইউসুফ সাদেক হক্কানী, নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদী, ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমদ এবং খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের।
এছাড়া আরও বক্তব্য প্রদান করেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমাদ, সম্মিলিত উলামা মাশায়েখ পরিষদের মহাসচিব ড. খলিলুর রহমান মাদানী, ইসলামী ঐক্য আন্দোলনের আমির ড. ঈসা শাহেদী, লেবার পার্টির চেয়ারম্যান ড. মোস্তাফিজুর রহমান ইরান এবং ইসলামী ঐক্যজোটের সিনিয়র সহ-সভাপতি মাওলানা জসিম উদ্দীন।
অনুষ্ঠানে সংহতি প্রকাশ করে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক আশেক ইলাহী, নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মূসা বিন ইজহার, মাওলানা মহিউদ্দিন রব্বানী, জাগপা সহ-সভাপতি রাশেদ প্রধান এবং হাজী জালালুদ্দিন বকুলসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা দেশের বর্তমান পরিস্থিতিতে ইসলামী আদর্শের প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
রিপোর্টারের নাম 























