রাজধানীর উত্তরায় তরুণ প্রজন্মের প্রতিনিধিদের অংশগ্রহণে এক ইফতার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার উত্তরার ইষ্টিকুটুম কমিউনিটি সেন্টারে সামাজিক সংগঠন ‘ব্লাড কানেকশন’-এর উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এক প্রাণবন্ত পরিবেশে আয়োজিত এই সভায় দেশের বিভিন্ন পর্যায়ের তরুণ নেতারা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন। ব্লাড কানেকশনের চেয়ারম্যান কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আন্তর্জাতিক ইসলামী ছাত্র সংগঠন ইফসু-র সেক্রেটারি ড. মোস্তফা ফয়সাল পারভেজ এবং তানজীমুল উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাবিবুল্লাহ মুহাম্মদ ইকবাল।
এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরা মডেল থানা আমির ইব্রাহিম খলিল এবং উত্তরা পশ্চিম থানা আমির মাজহারুল ইসলাম। অনুষ্ঠানে বিপুলসংখ্যক তরুণ নেতার সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে।
মতবিনিময় সভায় বক্তারা দেশের সার্বিক উন্নয়ন, নৈতিক সমাজ বিনির্মাণ এবং সামাজিক সেবামূলক কর্মকাণ্ডে তরুণ নেতৃত্বের গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরেন। তারা বলেন, একটি সমৃদ্ধ ও উন্নত জাতি গঠনে যুব শক্তির কোনো বিকল্প নেই। দেশ ও জাতির কল্যাণে তরুণদের আরও বেশি সক্রিয় ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে বক্তারা সামাজিক দায়বদ্ধতা পালনের ওপর গুরুত্বারোপ করেন। যুব সমাজ যদি নৈতিকতা ও দেশপ্রেম নিয়ে এগিয়ে আসে, তবেই দেশের ইতিবাচক পরিবর্তন সম্ভব বলে সভায় আশাবাদ ব্যক্ত করা হয়।
রিপোর্টারের নাম 






















