নরসিংদীতে এক কিশোরীকে ধর্ষণ ও নির্মমভাবে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত নূরাকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আলটিমেটাম দিয়েছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই দাবি জানান।
ঘটনার বিবরণ দিয়ে হাসনাত আবদুল্লাহ জানান, নরসিংদীর মাধবদীতে প্রায় ১৫ দিন আগে কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে নূরার নেতৃত্বে একদল বখাটে ওই কিশোরীকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এই ঘটনার পর ভুক্তভোগী কিশোরীর বাবা স্থানীয় মহিষাশুড়া ইউনিয়ন পরিষদের সদস্য ও ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আহম্মদ আলী দেওয়ানের কাছে বিচার প্রার্থনা করেন। তবে অভিযোগ উঠেছে, ওই জনপ্রতিনিধি অপরাধীদের কাছ থেকে অনৈতিক সুবিধা নিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। তিনি ভুক্তভোগী পরিবারকে মামলা করতে বাধা দেন এবং উল্টো তাদের এলাকা ছেড়ে চলে যাওয়ার জন্য চাপ সৃষ্টি করেন।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রাম্য মাতব্বরদের চাপে পড়ে বুধবার বিকেলে কিশোরী মেয়েটিকে নিরাপদ আশ্রয়ের জন্য তার খালার বাড়িতে রেখে আসতে যাচ্ছিলেন বাবা। পথে নূরা পুনরায় তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরদিন বৃহস্পতিবার একটি সরিষাক্ষেত থেকে ওই কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়।
এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ ইতিমধ্যে মহিষাশুড়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আহম্মদ আলী দেওয়ান ও তার ছেলে ইমরান দেওয়ানসহ চারজনকে গ্রেপ্তার করেছে। তবে এই পদক্ষেপকে অপর্যাপ্ত উল্লেখ করে হাসনাত আবদুল্লাহ বলেন, মূল ঘাতক নূরাকে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তাকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে আইনের আওতায় আনতে হবে।
ফেসবুক পোস্টে তিনি রাজনৈতিক ছত্রছায়ায় অপরাধীদের প্রশ্রয় দেওয়ার তীব্র সমালোচনা করেন। একইসঙ্গে দেশে ধর্ষণ, অপহরণ ও খুনের মতো জঘন্য অপরাধ বন্ধে স্বরাষ্ট্রমন্ত্রীর কার্যকর পদক্ষেপ এবং অপরাধীদের নেপথ্য শক্তির মূলোৎপাটনের দাবি জানান তিনি।
রিপোর্টারের নাম 

























