জাতীয় নাগরিক পার্টি-এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম সম্প্রতি এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর গাড়ির পেছনে ছাত্রদল সভাপতির দৌড়ানোর ঘটনাকে ‘দুঃখজনক ও বেদনাদায়ক’ বলে মন্তব্য করেছেন। তার মতে, লাখ লাখ ছাত্রের নেতৃত্ব দেওয়া একজন নেতার এমন আচরণ ছাত্ররাজনীতির জন্য অশোভন।
বৃহস্পতিবার বিকেলে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় ছাত্রশক্তির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় সারজিস আলম এসব কথা বলেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান অমর একুশে বইমেলা উদ্বোধন করতে গিয়েছিলেন। সেখানেই ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবকে প্রধানমন্ত্রীর গাড়ির পেছনে দৌড়াতে দেখা যায়। এই দৃশ্য তাকে মর্মাহত করেছে।
সারজিস আলম আরও যোগ করেন, “লাখ লাখ ছাত্রের নেতা হয়ে তিনি যেভাবে প্রধানমন্ত্রীর গাড়ির পেছনে দৌড়ালেন, আওয়ামী লীগের শাসনামলেও এমন চিত্র দেখা যায়নি। এটি আমাকে গভীরভাবে কষ্ট দেয়।”
ছাত্রদলের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ছাত্ররাজনীতিতে নতুন একটি মানদণ্ড তৈরি করা এখন সময়ের দাবি। এমন একটি সংস্কৃতি গড়ে তুলতে হবে, যা দেখে বাংলাদেশের ছাত্ররাজনীতির ভবিষ্যৎ পথ নির্ধারিত হবে।
দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও মন্তব্য করেন সারজিস আলম। তিনি বলেন, দেশে নতুন করে রাজনৈতিক প্রতিযোগিতা শুরু হয়েছে। একদিকে ক্ষমতাসীন দল নিজেদের কর্মকাণ্ডে পূর্ববর্তী সরকারের চেয়েও এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, অন্যদিকে রাজনৈতিক কার্যক্রমের বদলে ‘অভিনয় প্রতিযোগিতা’ চলছে।
রিপোর্টারের নাম 























