রংপুরের গঙ্গাচড়ায় চাঞ্চল্যকর আখেরুল ইসলাম হত্যা মামলার রহস্য এক বছর পর উন্মোচন হয়েছে বলে দাবি করেছে পুলিশ। এ ঘটনায় প্রধান অভিযুক্ত আব্দুল বাতেনকে (৪০) ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে রংপুর জেলা পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে।
পুলিশ জানায়, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এবং গঙ্গাচড়া মডেল থানার সমন্বয়ে গঠিত একটি বিশেষ দল গত বুধবার দুপুরে অভিযান চালিয়ে বাতেনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত বাতেন গঙ্গাচড়া সদর ইউনিয়নের ভূটকা ঈদগা মাঠ এলাকার মৃত আলতাব হোসেনের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত বছরের ৮ ডিসেম্বর রাত আনুমানিক ১০টার দিকে আখেরুল ইসলাম ওরফে আখের মালিপাড়া বাজার থেকে নিজ বাড়িতে ফেরার পথে হামলার শিকার হন। পূর্বশত্রুতার জের ধরে পথের পাশে বাঁশঝাড়ে ওত পেতে থাকা আব্দুল বাতেন তার ওপর অতর্কিত হামলা চালান। কোমরে লুকিয়ে রাখা লোহার হাতুড়ি দিয়ে আখেরুলের মাথায় আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এরপর আরও কয়েকটি উপর্যুপরি আঘাতে তার মৃত্যু নিশ্চিত করা হয়।
ঘটনার পরদিন নিহতের ভাই আক্তারুল বাদী হয়ে গঙ্গাচড়া মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। প্রাথমিকভাবে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলাটি হলেও, পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তা ও নিবিড় গোয়েন্দা তৎপরতার মাধ্যমে মূল আসামিকে শনাক্ত করা সম্ভব হয় বলে পুলিশ জানিয়েছে।
ঢাকা থেকে রংপুরে এনে জিজ্ঞাসাবাদ করা হলে গ্রেপ্তার বাতেন হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে পুলিশ দাবি করেছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে।
রংপুর জেলা পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন বলেন, জেলার বিভিন্ন জটিল ও ক্লুলেস মামলার রহস্য উদঘাটনে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অপরাধীদের আইনের আওতায় আনতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
রিপোর্টারের নাম 






















