বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, ২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে না পারা হবে চরম ব্যর্থতা। গতকাল বুধবার বনানী সামরিক কবরস্থানে শহীদ সেনা কর্মকর্তাদের কবরে শ্রদ্ধা নিবেদন ও জিয়ারত শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।
শফিকুর রহমান বলেন, “বর্তমানে বিএনপি রাষ্ট্রক্ষমতায় রয়েছে। এই সরকার যদি বিডিআর হত্যার প্রকৃত বিচার এবং এর নেপথ্যের কারিগরদের শাস্তি নিশ্চিত করতে না পারে, তবে ইতিহাসে এটি তাদের বড় ব্যর্থতা হিসেবে চিহ্নিত হবে।” তিনি অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক গঠিত ‘বিডিআর তদন্ত কমিশন’-এর রিপোর্টের ভিত্তিতে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও দোষীদের নাম জনসমক্ষে প্রকাশের জোর দাবি জানান।
২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় ৫৭ জন চৌকস সেনা কর্মকর্তাসহ মোট ৭৪ জনের প্রাণহানিকে একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র হিসেবে অভিহিত করে তিনি বলেন, এটি ছিল দেশপ্রেমিক সেনাবাহিনীকে পঙ্গু করার একটি নীল নকশা। নিহতরা জাতির শ্রেষ্ঠ সম্পদ ছিলেন এবং তাঁদের সুপরিকল্পিতভাবে টার্গেট করা হয়েছিল।
শহীদ পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে এই পরিকল্পিত হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল। অবিলম্বে এই ঘটনার নিরপেক্ষ পুনঃ তদন্ত করে নেপথ্যে থাকা কুশীলবদের বিচারের আওতায় আনার আহ্বান জানান তিনি।
রিপোর্টারের নাম 
























