নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক হান্নান মাসউদের ওপর সশস্ত্র হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির পক্ষ থেকে এই প্রতিবাদ জানানো হয়।
বিবৃতিতে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, নোয়াখালীর হাতিয়া উপজেলায় নির্বাচন-পরবর্তী সহিংসতায় ক্ষতিগ্রস্ত এলাকা ও সাধারণ মানুষের খোঁজ নিতে গিয়েছিলেন সংসদ সদস্য হান্নান মাসউদ। সেখানে তার গাড়িবহরে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়। এই বর্বরোচিত হামলায় হান্নান মাসউদসহ অন্তত ১৫-২০ জন নেতাকর্মী আহত হয়েছেন।
জামায়াত নেতা অভিযোগ করেন, প্রকাশ্য দিবালোকে একজন নির্বাচিত সংসদ সদস্যের ওপর এ ধরনের সশস্ত্র হামলা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিরই প্রতিফলন। এটি গণতান্ত্রিক মূল্যবোধ ও রাজনৈতিক সহনশীলতার সম্পূর্ণ পরিপন্থী। রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে এ ধরনের সহিংসতা কোনোভাবেই কাম্য নয়।
বিবৃতিতে আরও বলা হয়, দেশে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও বেশি দায়িত্বশীল ও নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। অন্যথায় দেশব্যাপী চরম বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।
জামায়াতের পক্ষ থেকে অবিলম্বে এই হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। একইসঙ্গে হামলায় আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
রিপোর্টারের নাম 

























