ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) নবনিযুক্ত প্রশাসক মো. শফিকুল ইসলাম খান দায়িত্বভার গ্রহণের পরপরই মশক নিয়ন্ত্রণে কর্পোরেশনের প্রস্তুতি ও চলমান কার্যক্রম পরিদর্শনে নেমেছেন। আজ সকালে স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিতকে সাথে নিয়ে তিনি মিরপুর-২ এ অবস্থিত ডিএনসিসির মশক নিধন ঔষধ সংরক্ষণাগার পরিদর্শন করেন এবং মশক নিয়ন্ত্রণে সামগ্রিক প্রস্তুতি পর্যালোচনা করেন।
এর আগে সকালে গুলশান নগরভবনে ডিএনসিসির বিদায়ী প্রশাসক সুরাইয়া আখতার জাহান আনুষ্ঠানিকভাবে নবনিযুক্ত প্রশাসক মো. শফিকুল ইসলাম খানের হাতে দায়িত্বভার তুলে দেন। দায়িত্ব বুঝে নেওয়ার পরপরই নতুন প্রশাসক স্বাস্থ্য প্রতিমন্ত্রীর সঙ্গে সরাসরি মশক নিধন কার্যক্রম পরিদর্শনে যান। সেখানে মশক নিধন ঔষধের কার্যকারিতা নিবিড়ভাবে পরীক্ষা করা হয়। একইসাথে, মশক নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশনের সার্বিক প্রস্তুতি পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখা হয়।
পরিদর্শন শেষে ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান সাংবাদিকদের বলেন, “ঢাকাকে একটি নিরাপদ ও বাসযোগ্য নগর হিসেবে গড়ে তুলতে আমরা সকলের সম্মিলিত প্রচেষ্টায় নিরলসভাবে কাজ করে যাবো।” এসময় ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান এবং প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরীসহ সংশ্লিষ্ট ঊর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 























