পিলখানা হত্যাযজ্ঞের সুষ্ঠু বিচার বর্তমান সরকারের পক্ষে সম্ভব নয়, কারণ এই ঘটনার পেছনে ভারত ও আওয়ামী লীগের নীলনকশা রয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)-এর সহ-সভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান। বুধবার (২৫ ফেব্রুয়ারি) ‘শহীদ সেনা দিবস’ উপলক্ষে জাগপা আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
রাশেদ প্রধান বলেন, “বর্তমান প্রধানমন্ত্রী ভারতে মুচলেকা দিয়ে দেশে প্রবেশ করেছেন এবং স্বরাষ্ট্রমন্ত্রী শিলংয়ে প্রশিক্ষণ নিয়ে ফিরেছেন। এমন একটি সরকার পিলখানা গণহত্যার মতো স্পর্শকাতর ঘটনার সুষ্ঠু বিচার করতে পারবে না।” তিনি আরও দাবি করেন, “পিলখানা গণহত্যার পেছনে ভারত এবং আওয়ামী লীগের সুপরিকল্পিত নীলনকশা দায়ী।”
জাগপা নেতা উল্লেখ করেন, ২০০৯ সাল থেকেই তার দল এই দাবি করে আসছে। সম্প্রতি একটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিবেদনের মাধ্যমে তাদের এই দাবি প্রমাণিত হয়েছে বলেও তিনি জানান। তবে, সেই প্রতিবেদন থাকা সত্ত্বেও বিচারকার্য শুরু হয়নি। তিনি অভিযোগ করেন, “শুধু বর্তমান সরকার নয়, পূর্ববর্তী বিএনপি সরকারও পিলখানা হত্যাকাণ্ডের বিচার করতে ব্যর্থ হয়েছে। ফ্যাসিবাদী শাসন ও সকল গণহত্যার সুষ্ঠু বিচারের জন্য আমাদের আরও অপেক্ষা করতে হবে এবং মজলুম জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।”
পল্টনস্থ শফিউল আলম প্রধান মিলনায়তনে অনুষ্ঠিত এই আলোচনা সভায় জাগপা প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ শফিকুল ইসলামের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, হাজী মো. হাসমত উল্লাহ, সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম হাসু, প্রকাশনা বিষয়ক সম্পাদক এস এম জিয়াউল আনোয়ার, জাগপা ছাত্রলীগ সভাপতি আব্দুর রহমান ফারুকী এবং যুব জাগপা সাধারণ সম্পাদক ইঞ্জি. সিরাজুল ইসলাম।
রিপোর্টারের নাম 























