দেশের গুরুত্বপূর্ণ ছয়টি সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ দেওয়ার পর থেকেই কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) পরবর্তী প্রশাসক কে হচ্ছেন, তা নিয়ে নগরজুড়ে শুরু হয়েছে ব্যাপক গুঞ্জন। পাড়া-মহল্লার অলিগলি থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম—সবখানেই এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন দুই শীর্ষ নেতা। তারা হলেন কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু এবং মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবু।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসকের দায়িত্ব পান বার্ডের মহাপরিচালক সাইফ উদ্দিন আহমেদ। বর্তমানে এই দায়িত্ব পালন করছেন অতিরিক্ত সচিব মো. শাহ আলম। তবে সম্প্রতি দেশের বড় ছয়টি সিটিতে রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ার পর কুমিল্লার রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ হয়েছে।
স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রশাসক হওয়ার দৌড়ে জনমতের ভিত্তিতে সবচেয়ে বেশি এগিয়ে আছেন ইউসুফ মোল্লা টিপু। এর পেছনে বড় কারণ হিসেবে দেখা হচ্ছে করোনাকালীন তার মানবিক ভূমিকা। মহামারি চলাকালীন যখন স্বজনরা মৃতদেহ ফেলে চলে যাচ্ছিল, তখন টিপুর নেতৃত্বে ‘বিবেক’ নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠন ৪৭৬ জন করোনা আক্রান্ত ব্যক্তির মরদেহ দাফন ও সৎকারে অনন্য দৃষ্টান্ত স্থাপন করে। এই মানবিক কর্মকাণ্ডের কারণে সাধারণ মানুষের মধ্যে তার একটি বিশেষ গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে। অন্যদিকে, দলের প্রভাবশালী নেতা হিসেবে মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবুর নামও বেশ গুরুত্বের সঙ্গে আলোচিত হচ্ছে।
এদিকে, কুমিল্লা সিটির সাবেক দুইবারের মেয়র মনিরুল হক সাক্কু এবং গত দুটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা নিজাম উদ্দিন কায়সার বর্তমানে বিএনপি থেকে বহিষ্কৃত। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচনে অংশ নেওয়ায় তারা দলের মূলধারা থেকে বিচ্ছিন্ন রয়েছেন। ফলে প্রশাসক হওয়ার দৌড়ে তাদের নাম সেভাবে আলোচনায় আসছে না, যদিও তারা আগামী নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।
উল্লেখ্য, ২০১১ সালের ১০ জুলাই দেড়শ বছরের পুরনো কুমিল্লা পৌরসভাকে বিলুপ্ত করে ২৭টি ওয়ার্ডের সমন্বয়ে গঠিত হয় কুমিল্লা সিটি করপোরেশন। বর্তমানে প্রায় ১৫ লাখ মানুষের এই নগরীতে সেবার মান নিশ্চিত করতে একজন যোগ্য ও জনবান্ধব প্রশাসক নিয়োগের প্রত্যাশা করছেন নগরবাসী।
সম্প্রতি সরকার ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ অনুযায়ী ঢাকা উত্তর, দক্ষিণ, খুলনা, সিলেট, নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে। এই ধারাবাহিকতায় কুমিল্লা সিটি করপোরেশনেও দ্রুত নতুন প্রশাসক নিয়োগ দেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে। নিয়োগপ্রাপ্ত প্রশাসকরা সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা ও দায়িত্ব পালন করবেন।
রিপোর্টারের নাম 

























