একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে রাষ্ট্রের পাশাপাশি প্রতিটি নাগরিকেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, পরিবেশ সংরক্ষণে নাগরিকদের আরও দায়িত্বশীল হতে হবে।
গত সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় দেশবাসীর উদ্দেশে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান। তিনি বলেন, পরিবেশ সংরক্ষণে নাগরিক হিসেবে আমাদের সবার দায়িত্ব রয়েছে। আমরা যদি প্রত্যেকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করি, তাহলে একটি পরিচ্ছন্ন পরিবেশ ও সুন্দর দেশ গড়ে তুলতে পারব।
প্রধানমন্ত্রী তারেক রহমান তার বার্তায় দেশের বিভিন্ন স্থানে যত্রতত্র ছড়িয়ে থাকা আবর্জনার চিত্র তুলে ধরেন। তিনি বলেন, “আপনারা অধিকাংশ ক্ষেত্রে খেয়াল করে দেখেছেন, আমরা ঢাকা শহরের যেকোনো রাস্তাঘাটই হোক, যেকোনো এলাকায় হোক, যেকোনো জেলা শহরের এলাকায় হোক, এমনকি উপজেলা পর্যায়েও ক্ষেত্রবিশেষে বিভিন্ন গ্রামগঞ্জেও আমরা দেখেছি যে, যেখানে বাজার ঘাট বা রাস্তা চলাচলে বেশি সেই জায়গাগুলোতে চারিদিকে একটা জিনিস খুব পরিষ্কারভাবে চোখে পড়ে।
“আমরা যখন ছোট ছিলাম, আজকে থেকে ৩০-৪০ বছর আগে দৃশ্যটা এমন ছিল না। কিন্তু বর্তমানে দৃশ্যটা এইরকম। সেটা কেমন? চারিদিকে আমার, আপনার, আমাদের ব্যবহার করা হাতের টিস্যু অথবা আমার-আপনার খাওয়া চিপসের প্যাকেট অথবা বাসায় ব্যবহার করা রান্নার তেলের প্লাস্টিকের বোতলটি অথবা আমি বা আপনি পানি পান করেছি প্লাস্টিকের বোতল থেকে—সেই বোতলটি; এরকম আরো অনেক ধরনের আবর্জনা যত্রতত্র সব জায়গায় ছড়িয়ে আছে,” যোগ করেন প্রধানমন্ত্রী।
সরকারপ্রধান প্রশ্ন রেখে বলেন, “কোনো জায়গায় একটু জমা হয়ে আছে অথবা লোকালয়ের চারিদিকে ছড়িয়ে আছে। চিন্তা করে দেখুন তো, আপনার ঘরে যে ঘরটিতে আপনি থাকেন, যে বাসাটিতে আপনি থাকেন, যদি চারিদিকে এমন টিস্যু ছড়িয়ে থাকতো, যদি চারিদিকে এমন আবর্জনা ছড়িয়ে থাকতো, আপনার কাছে কি ভালো লাগতো দেখতে? নিশ্চয়ই না। আমাদের কারো কাছেই ভালো লাগতো না।”
বক্তব্যের শেষাংশে প্রধানমন্ত্রী দেশবাসীর কাছে সহযোগিতা চেয়ে বলেন, “প্রিয় দেশবাসী, আপনাদের কাছে আজকে এই সহযোগিতাটা আমি চাইছি। আমরা সকলে মিলে আসুন চেষ্টা করি আমাদের দেশটিকে পরিষ্কার-সুন্দর রাখতে। আমরা সকলে মিলে চেষ্টা করি আমাদের পরিবেশটিকে সুন্দর পরিষ্কার রাখতে, যা নিশ্চিত করবে আমাদের আগামী দিনের বংশধরদের জন্য একটি সুস্থ দেশ ও সুস্থ পরিবেশ।”
রিপোর্টারের নাম 




















