কুমিল্লার লালমাইয়ে আল-মোকাররম মাদ্রাসার সিঁড়ির রেলিং থেকে মহিন উদ্দিন (১৩) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে এই ঘটনা ঘটে। গলায় গামছা পেঁচানো অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
নিহত মহিন উদ্দিন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বড় ধর্মপুর গ্রামের সৌদি আরব প্রবাসী ইয়াছিন মিয়ার ছোট ছেলে। সে আল-মোকাররম মাদ্রাসা থেকে কোরআন হিফজ সম্পন্ন করেছিল এবং চলতি রমজানে মাদ্রাসার মসজিদে তারাবির নামাজের ইমামতি করছিল। তার বড় ভাই আবুল বাশারও একই মাদ্রাসায় পড়াশোনা করে।
মাদ্রাসার মোহতামিম মাওলানা মাজহারুল ইসলাম জানান, মহিন উদ্দিন একজন মেধাবী শিক্ষার্থী ছিল। সেহরি শেষে ফজরের আজান দিয়ে সে ঘুমিয়ে পড়েছিল। সকালে তাকে সিঁড়ির রেলিংয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।
নিহতের বড় ভাই আবুল বাশার জানান, ফজরের নামাজ পড়ে তারা দুজনেই ঘুমিয়ে পড়েছিলেন। কখন মহিন উঠে এমন কাজ করেছে তা তিনি বুঝতে পারেননি। ভাইকে ঝুলন্ত অবস্থায় দেখার পর তার কোমর থেকে একটি চিরকুট উদ্ধার করেন। তবে, চিরকুটটি পুরোপুরি পড়ার আগেই কেউ একজন সেটি নিয়ে যায়। তিনি মনে করেন, চিরকুটটি পেলে হয়তো মহিনের মৃত্যুর কারণ জানা যাবে।
লালমাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুজ্জামান জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ মর্গে প্রেরণ করেছে। নিহতের নিজ হাতে লেখা চিরকুটটি উদ্ধারের চেষ্টা চলছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
রিপোর্টারের নাম 






















