দেশের আসন্ন শাসনামলে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করলে দেশে ‘গুন্ডা’ বা চাঁদাবাজির কোনো স্থান থাকবে না এমন দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপি নেতা শেখ ফরিদ আহমেদ মানিক। তিনি বলেন, যারা জোর-জুলুম এবং সাধারণ মানুষের ওপর অত্যাচার-নির্যাতন চালাবে, তাদের এই মাটিতে কোনো ঠাঁই হবে না।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে হাইমচর উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত উন্নয়ন সমন্বয় ও মাসিক আইনশৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতির গুরুত্ব তুলে ধরে এমপি মানিক উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশে বলেন, “মাদক, জুয়া, চাঁদাবাজি এবং ইভটিজিংয়ের মতো সামাজিক অপরাধমূলক কর্মকাণ্ডের ক্ষেত্রে কোনো প্রকার তদবির শোনা হবে না। অপরাধী যেই হোক না কেন, তাকে আইনের আওতায় এনে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।” তিনি প্রশাসনের কাছে এই বার্তা পৌঁছে দেন যে, জননিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোনো কাজের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।
উপজেলা নির্বাহী অফিসার অমিত রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাজমুল হাসান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্যা সেলিম, উপজেলা বিএনপির সভাপতি আমিন উল্লাহ বেপারী, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় উপজেলার আইনশৃঙ্খলা রক্ষা এবং জনস্বার্থে আপোষহীনভাবে কাজ করার অঙ্গীকার করা হয়।
এই সভা শেষে জাতীয় শিক্ষা সপ্তাহে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক এবং শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে তিনি আলগী বাজারের ব্যবসায়ী ও পথচারীদের সঙ্গে নির্বাচন পরবর্তী সৌজন্য সাক্ষাৎ করেন।
রিপোর্টারের নাম 























