সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ৩৫ কেজি গাঁজা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত নৌকা সহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের চানপুর বাজারের খেয়াঘাট এলাকা থেকে এই মাদক চালানটি জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, জামালগঞ্জ উপজেলার সাচনাবাজার ইউনিয়নের হরিপুর গ্রামের ফরিদ মিয়ার ছেলে শাহ জাহান (৩৮) এবং নরসিংদী জেলার রায়পুর উপজেলার লক্ষ্মী গ্রামের ফকর মিয়ার ছেলে রানা সরকার (২৮)।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুরমা নদীতে অভিযান পরিচালনা করে। এসময় সন্দেহভাজন একটি ইঞ্জিনচালিত নৌকা সহ দুই ব্যক্তিকে আটক করে স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে জামালগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালিয়ে নৌকার ভেতর থেকে ৩৫ কেজি গাঁজা উদ্ধার করে। এরপর মাদক কারবারি দুজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়।
জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. বন্দে আলী জানান, স্থানীয়দের সহযোগিতায় এই মাদক চালানটি ধরা সম্ভব হয়েছে। আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হবে। এই অভিযান মাদক নির্মূলে পুলিশের ধারাবাহিকT প্রচেষ্টারই অংশ বলে তিনি উল্লেখ করেন।
রিপোর্টারের নাম 























