ঠাকুরগাঁওয়ে শিগগিরই মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের নির্মাণকাজ শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে জেলা সদরে বেসরকারি সংস্থা ইএসডিও আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, বর্তমান সরকার জনকল্যাণে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে দ্রুততার সঙ্গে কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে ঠাকুরগাঁওয়ে একটি পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ স্থাপনের প্রাথমিক প্রক্রিয়া শুরু হয়েছে। পাশাপাশি জেলার উচ্চশিক্ষার প্রসারে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের কাজও খুব দ্রুত শুরু হবে। এছাড়া বন্ধ থাকা বিমানবন্দর সচল করা এবং অর্থনৈতিক অঞ্চল বা ইপিজেড স্থাপনের কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে।
কৃষকদের উন্নয়নে সরকারের নেওয়া পদক্ষেপের কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, প্রান্তিক কৃষকদের আর্থিক বোঝা লাঘবে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করা হয়েছে। আমরা যা বলেছি, তা বাস্তবায়নের মাধ্যমেই সমৃদ্ধ আগামীর পথে এগিয়ে যাচ্ছি।
গণঅভ্যুত্থান পরবর্তী প্রেক্ষাপট তুলে ধরে এলজিআরডি মন্ত্রী আরও বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন, একাত্তরের মহান মুক্তিযুদ্ধ, নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে আমাদের নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। একটি শক্তিশালী জাতি গঠনে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। দল-মত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। যেকোনো পরিস্থিতিতে দেশ ও মানুষের স্বার্থে আমরা আপসহীন থাকব।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন পর্যায়ের সুধীজন উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 























