আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর পদ থেকে মোহাম্মদ তাজুল ইসলামের নিয়োগ বাতিল করে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আমিনুল ইসলামকে নতুন চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। এই পরিবর্তনের পটভূমিতে বিদায়ী চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম নবনিযুক্ত অ্যাডভোকেট আমিনুল ইসলাম অসমাপ্ত কাজগুলো এগিয়ে নেবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন। একইসঙ্গে তিনি নতুন চিফ প্রসিকিউটরকে সব ধরনের সহযোগিতার আশ্বাসও দিয়েছেন। সোমবার দুপুর সোয়া ১২টার দিকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তাজুল ইসলাম বলেন, “অন্তর্বর্তী সরকার আমাকে নিয়োগ দেওয়ার পর থেকে আমি মানবতাবিরোধী অপরাধের বিচার নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করেছি। আমি বিশ্বাস করি, নতুন চিফ প্রসিকিউটরও একই নিষ্ঠার সাথে তার দায়িত্ব পালন করবেন এবং আমি তাকে সব ধরনের সহায়তা করতে প্রস্তুত।”
তিনি আরও বলেন, “একটি নির্বাচিত সরকার ক্ষমতায় এলে রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিজেদের পছন্দের লোক নিয়োগ দেবে—এটাই স্বাভাবিক নিয়ম। এতে অবাক হওয়ার কিছু নেই।”
এর আগে এক প্রজ্ঞাপনের মাধ্যমে সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে মোহাম্মদ তাজুল ইসলামের নিয়োগ বাতিল করে। একই প্রজ্ঞাপনে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আমিনুল ইসলামকে অ্যাটর্নি জেনারেলের পদমর্যাদায় পুনরাদেশ না দেওয়া পর্যন্ত ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর পদে নিয়োগ দেওয়া হয়। এই নিয়োগ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
রিপোর্টারের নাম 

























