ইরান, ইসরাইল ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা বা যুদ্ধ দীর্ঘায়িত হলে বাংলাদেশে জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রয়োজন হতে পারে বলে সতর্ক করেছেন সরকারের তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। বুধবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ আশঙ্কার কথা জানান।
তথ্য উপদেষ্টা বলেন, ইরান সংশ্লিষ্ট জাহাজগুলোর ওপর আমেরিকার নতুন করে নিষেধাজ্ঞা আরোপের প্রভাব বিশ্ববাজারে পড়তে পারে। পরিস্থিতি যদি দীর্ঘমেয়াদী হয় এবং সরবরাহ ব্যবস্থা বাধাগ্রস্ত হয়, তবে ভর্তুকি দিয়ে তেলের দাম বর্তমান পর্যায়ে রাখা সরকারের জন্য কঠিন হয়ে পড়বে। তিনি আরও পরিষ্কার করেন যে, চলতি এপ্রিল মাসে দাম বাড়ানোর কোনো পরিকল্পনা না থাকলেও পরিস্থিতি বিবেচনায় ভবিষ্যতে মূল্য সমন্বয়ের প্রয়োজন হতে পারে।
বর্তমানে দেশে ডিজেল ১০০ টাকা, কেরোসিন ১১২ টাকা, পেট্রল ১১৬ টাকা এবং অকটেন ১২০ টাকা লিটার দরে বিক্রি হচ্ছে। উপদেষ্টা জানান, সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং জনগণের ওপর যেন অতিরিক্ত চাপ না পড়ে সেদিকে লক্ষ্য রাখা হচ্ছে। তবে আন্তর্জাতিক বাজারের অস্থিতিশীলতা অব্যাহত থাকলে অভ্যন্তরীণ বাজারে এর প্রভাব এড়ানো সম্ভব নাও হতে পারে।
রিপোর্টারের নাম 

























