কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় বন্য হাতির আক্রমণে ছাবের আহমেদ (৭০) নামের এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার ইসলামবাদ ইউনিয়নের পূর্ব গজালিয়া সাতঘরিয়া পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ছাবের আহমেদ ওই এলাকার বাসিন্দা ছিলেন এবং তিনি তার পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রাতে নিজের ধানক্ষেত পাহারা দিতে গিয়েছিলেন ছাবের আহমেদ। বন্য হাতির হাত থেকে ফসল রক্ষা করতে তিনি ক্ষেতের পাশে একটি চেয়ারে বসে আগুন জ্বালিয়ে পাহারা দিচ্ছিলেন। এমন সময় বনের দিক থেকে আসা একটি হাতি তাকে আক্রমণ করে। হাতির আক্রমণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয় ইউপি সদস্য জুবায়েদ উল্লাহ জুয়েল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হাতির আক্রমণে কৃষকের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের মেয়ে মনজু আরা জানান, তার বাবার আয়ের ওপরই পুরো পরিবার নির্ভরশীল ছিল। বন্য হাতির এমন উপদ্রবে স্থানীয় কৃষকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। বন বিভাগের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রয়োজনীয় সহায়তা প্রদানের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
রিপোর্টারের নাম 























