হরমুজ প্রণালি নিয়ে মধ্যপ্রাচ্যে উত্তেজনার রেশ কাটতে না কাটতেই এবার মালাক্কা প্রণালির দিকে নজর দিচ্ছে ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্র। সম্প্রতি ইন্দোনেশিয়ার সঙ্গে ওয়াশিংটনের একটি গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা চুক্তি এই জল্পনাকে আরও জোরালো করে তুলেছে। বিশ্লেষকরা মনে করছেন, বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথটির নিয়ন্ত্রণ বা নজরদারি বাড়ানোই এখন যুক্তরাষ্ট্রের অন্যতম কৌশলগত লক্ষ্য।
চুক্তির শর্তানুযায়ী, মার্কিন সামরিক বিমানগুলো এখন থেকে ইন্দোনেশিয়ার আকাশসীমা ব্যবহার করে নিয়মিত অভিযান পরিচালনা করতে পারবে। যদিও একে আনুষ্ঠানিকভাবে একটি সাধারণ প্রতিরক্ষা সহযোগিতা বলা হচ্ছে, তবে এর মাধ্যমে ভারত মহাসাগর ও পূর্ব এশিয়ার সংযোগস্থল মালাক্কা প্রণালিতে ওয়াশিংটনের সামরিক উপস্থিতি ও নজরদারি বহুগুণ বৃদ্ধি পাবে। বর্তমানে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর সম্মিলিতভাবে এই নৌপথটি পরিচালনা করে আসছে।
মালাক্কা প্রণালি বিশ্বের অন্যতম ব্যস্ত বাণিজ্যিক করিডোর, যা বিশেষ করে পূর্ব এশিয়ার দেশগুলোর জন্য ‘লাইফলাইন’ হিসেবে পরিচিত। চীন তার জ্বালানি আমদানির সিংহভাগ এই রুটের ওপর নির্ভর করে সম্পন্ন করে। ফলে এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান সক্রিয়তা চীনের ওপর বাড়তি চাপ সৃষ্টি করবে বলে ধারণা করা হচ্ছে। ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপ ইন্দো-প্যাসিফিক অঞ্চলের ভূ-রাজনীতিতে নতুন কোনো সমীকরণ তৈরি করে কি না, সেটিই এখন দেখার বিষয়।
রিপোর্টারের নাম 






















