জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় অনুমোদনহীনভাবে জ্বালানি তেল মজুত করার অপরাধে এক যুবককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার সকালে উপজেলার কাঠার বিল ফিলিং স্টেশন এলাকা থেকে সাব্বির (২১) নামে ওই যুবককে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সাব্বির ১২০ লিটার ডিজেল অবৈধভাবে মজুত করার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেনের নেতৃত্বে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে ঘটনার সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে এই শাস্তি দেওয়া হয়।
ইউএনও শাহ জহুরুল হোসেন জানান, জ্বালানি তেলের কৃত্রিম সংকট রোধ এবং অবৈধ মজুতদারি বন্ধে প্রশাসনের নজরদারি কঠোর করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে তিনি হুঁশিয়ারি দেন। দণ্ডপ্রাপ্ত যুবককে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
রিপোর্টারের নাম 






















