দেশের ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথে চালিত করার উপর জোর দিয়ে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ বলেছেন, আজকের শিশুরাই আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের কারিগর। তাদের সুশিক্ষা ও সঠিক পরিচর্যার মাধ্যমে যোগ্য ও সুন্দর প্রজন্ম গড়ে তোলা সম্ভব, যা দেশের সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
গতকাল (শনিবার) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে হাজী মো. জহিরুল ইসলাম ফাউন্ডেশনের আয়োজনে নেউরা এমআই উচ্চ বিদ্যালয় মাঠে প্রাথমিক স্তরের মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এই কথা বলেন।
অনুষ্ঠানে মন্ত্রী আরও বলেন, মানুষের মন সমৃদ্ধ না হলে কোনো সম্পদই তাকে সুখী করতে পারে না। আয়োজক জহিরুল ইসলামের এই ধরনের উদ্যোগ তার উদার মানসিকতারই প্রতিফলন। তিনি মনে করেন, আজকের এই কার্যক্রম ভবিষ্যৎ প্রজন্ম গঠনে এক ইতিবাচক ও মহৎ দৃষ্টান্ত স্থাপন করবে।
মন্ত্রী সময়ের সাথে তাল মিলিয়ে শিক্ষার্থীদের চাহিদার পরিবর্তনকেও গুরুত্ব দেন। তিনি বলেন, বর্তমান প্রেক্ষাপটে শিক্ষার্থীদের প্রয়োজনীয় শিক্ষা উপকরণ সরবরাহ করা অত্যন্ত জরুরি। একটি স্কুল ব্যাগও তাদের পড়াশোনায় অনেক বড় সহায়তা করতে পারে এবং এটি শিক্ষার্থীদের উৎসাহিত করার পাশাপাশি সমাজে ইতিবাচক প্রভাব ফেলে।
সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, নিজ নিজ অবস্থান থেকে সততা ও নিষ্ঠার সাথে দেশের কল্যাণে এগিয়ে আসা উচিত। আজ যারা সহায়তা পাচ্ছে, তারাই আগামী দিনে দেশের সম্পদে পরিণত হয়ে সমাজের উন্নয়নে অবদান রাখবে।
নিজের দায়িত্ব প্রসঙ্গে মন্ত্রী বলেন, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য— এই তিনটি খাত দেশের অর্থনীতির মেরুদণ্ড। কৃষকদের জীবনযাত্রার মানোন্নয়ন করতে পারলেই দেশের সার্বিক উন্নয়ন সম্ভব। তিনি প্রধানমন্ত্রী কর্তৃক অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
হাজী মো. জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 






















