দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৫৮ জন। এর আগের দিন শনিবার ডেঙ্গুতে একজন মারা গিয়েছিলেন এবং আক্রান্ত হয়েছিলেন ৪৩৯ জন। এই নিয়ে চলতি মাসের ২৬ দিনে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৯৯৪ জনে, এবং মোট মৃত্যু হয়েছে ২৫ জনের।
রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বরিশাল বিভাগে ৯৯ জন, চট্টগ্রাম বিভাগে ৭৮ জন, ঢাকা বিভাগে ১৫ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৮১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৭৬ জন, খুলনা বিভাগে ৪৮ জন, ময়মনসিংহ বিভাগে ২৫ জন, রাজশাহী বিভাগে ২৬ জন এবং রংপুর বিভাগে ১০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে ৪৩৮ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানিয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ৪৩ জনের মৃত্যু হয়েছে এবং মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৯৮ জনে। মৃতদের মধ্যে জানুয়ারিতে ২ জন, ফেব্রুয়ারিতে ২ জন, মে মাসে একজন, জুনে ১৩ জন এবং জুলাই মাসে ২৫ জনের মৃত্যু হয়েছে। ঢাকা বিভাগে এবার ডেঙ্গুতে সবচেয়ে বেশি ২০ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি ২ হাজার ৮২০ জন বরিশাল বিভাগে। এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ৬১.৫ শতাংশ পুরুষ এবং ৩৮.৫ শতাংশ নারী।
রিপোর্টারের নাম 



















