বিশ্বজুড়ে কোটি কোটি ব্যবহারকারীর জনপ্রিয় বার্তা আদান-প্রদানের মাধ্যম মেসেঞ্জারের ওয়েব সংস্করণ মেসেঞ্জার.কম বন্ধ করে দিচ্ছে এর মূল প্রতিষ্ঠান মেটা। আগামী ২০২৬ সালের এপ্রিল মাস থেকে এই ওয়েবসাইটটি আর সচল থাকবে না। এর ফলে, যারা ব্রাউজার থেকে সরাসরি মেসেঞ্জার ব্যবহার করতেন, তাদের এখন থেকে ফেসবুকের মূল ওয়েবসাইটে গিয়ে বার্তা আদান-প্রদান করতে হবে। এই সিদ্ধান্তের মাধ্যমে মেটা তাদের মেসেজিং প্ল্যাটফর্মকে ফেসবুকের সঙ্গে আরও গভীরভাবে একীভূত করার পথে হাঁটছে।
মেটা’র ঘোষণা অনুযায়ী, চলতি বছরের ৬ এপ্রিল থেকে যারা messenger.com এ প্রবেশ করার চেষ্টা করবেন, তারা স্বয়ংক্রিয়ভাবে facebook.com/messages পেজে চলে যাবেন। এই প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই ওয়েবের মাধ্যমে যেকোনো বার্তা আদান-প্রদানের জন্য ফেসবুকের মূল সাইট ব্যবহার করা বাধ্যতামূলক হবে। তবে, মেসেঞ্জারের অ্যান্ড্রয়েড ও আইওএস মোবাইল অ্যাপে এর ব্যবহার আগের মতোই সচল থাকবে এবং সেখানে কোনো পরিবর্তন আসবে না বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
এই সিদ্ধান্তে সবচেয়ে বেশি সমস্যায় পড়তে পারেন সেইসব ব্যবহারকারীরা, যারা ফেসবুক অ্যাকাউন্ট ছাড়াই মেসেঞ্জার.কম ব্যবহার করতেন। ওয়েব সংস্করণ বন্ধ হলে তাদের এখন ফেসবুকে লগইন করে বার্তা দেখতে হবে। ছোট ব্যবসা, বিভিন্ন কমিউনিটি গ্রুপ বা ব্যক্তিগত যোগাযোগের জন্য যারা ব্রাউজারে আলাদাভাবে মেসেঞ্জার ব্যবহার করতেন, তাদের এখন থেকে ফেসবুকের মূল ডেস্কটপ সংস্করণে চ্যাট করতে হবে।
দীর্ঘদিন ধরেই মেসেঞ্জার একটি স্বতন্ত্র প্ল্যাটফর্ম হিসেবে পরিচিতি লাভ করেছিল। ২০১১ সালে ফেসবুক এটিকে একটি আলাদা অ্যাপ হিসেবে চালু করে এবং ধীরে ধীরে এটি বিশ্বের অন্যতম জনপ্রিয় বার্তা আদান-প্রদানের মাধ্যমে পরিণত হয়। গত বছরই মেটা উইন্ডোজ ও ম্যাকের জন্য মেসেঞ্জারের ডেস্কটপ অ্যাপটি বন্ধ করে দিয়েছিল। এবার ওয়েব সংস্করণ বন্ধের সিদ্ধান্ত মেটার সকল চ্যাট সার্ভিসকে ফেসবুকের মূল প্ল্যাটফর্মে নিয়ে আসার একটি বড় পদক্ষেপ।
যারা এতদিন ডেস্কটপে মেসেঞ্জার ব্যবহার করতেন, তাদের এখন ফেসবুকের লগইন তথ্য প্রস্তুত রাখতে হবে। কারণ, এই পরিবর্তন কার্যকর হলে, ওয়েব-এ চ্যাট করতে হলে ফেসবুকে লগইন করা বাধ্যতামূলক হবে।
রিপোর্টারের নাম 






















