পবিত্র রমজান মাসের অবশিষ্ট দিনগুলোতে দেশের আবহাওয়া থাকবে বৈচিত্র্যময়—কখনো স্বস্তির বৃষ্টি, আবার কখনো তীব্র তাপপ্রবাহের মধ্য দিয়ে কাটতে পারে মাসটি। এমন পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) প্রকাশিত পূর্বাভাসে সংস্থাটি জানায়, রমজানের প্রথম দিকের আরামদায়ক আবহাওয়ার পর ধীরে ধীরে বাড়বে গরমের তীব্রতা।
প্রথম ১০ দিন: আরামদায়ক শুরু
সংস্থাটির তথ্য অনুযায়ী, রমজানের প্রথম দিনগুলো ছিল বেশ স্বস্তিদায়ক; দিনের তাপমাত্রা ছিল সহনীয় এবং রাত ছিল হালকা ঠান্ডা ও আরামদায়ক। রমজানের প্রথম ১০ দিন, অর্থাৎ ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত আবহাওয়া মোটামুটি স্বস্তিদায়ক থাকতে পারে। এই সময়ে আকাশ আংশিক মেঘলা থাকলেও অধিকাংশ এলাকায় প্রতিদিন রোদের দেখা মিলবে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, ২ থেকে ৪ রমজান (২০-২২ ফেব্রুয়ারি) রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের কিছু এলাকায় এবং দেশের অন্যত্র দু-এক স্থানে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ ছাড়া ৫ ও ৬ রমজান (২৩-২৪ ফেব্রুয়ারি) খুলনা ও বরিশাল বিভাগের কিছু এলাকায় এবং চট্টগ্রাম ও ঢাকা বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এই সময়ে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
মধ্যবর্তী ১০ দিন: রোদ ও গরম বৃদ্ধির ইঙ্গিত
১ থেকে ১০ মার্চ পর্যন্ত, অর্থাৎ রমজানের মধ্যবর্তী সময়ে আবহাওয়া তুলনামূলক আরামদায়ক থাকলেও দিনের বেলায় তীব্র রোদ হতে পারে। এই সময়ে উল্লেখযোগ্য বৃষ্টিপাতের সম্ভাবনা কম। দিনের তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে শুরু করবে এবং রাতের তাপমাত্রাও কিছুটা বৃদ্ধি পাবে। ফলে রাতের আবহাওয়া কিছুটা স্বস্তিদায়ক থাকলেও দিনের বেলায় গরমের অনুভূতি বাড়বে, বিশেষ করে এই পর্বের শেষ দিকে।
শেষ ১০ দিন: তাপপ্রবাহের আশঙ্কা, পরে বৃষ্টির সম্ভাবনা
১১ থেকে ২০ মার্চ পর্যন্ত সময়টিতে উষ্ণ ও শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে। অধিকাংশ এলাকায় তীব্র রোদ থাকবে এবং বিশেষ করে দেশের দক্ষিণাঞ্চলে মৃদু তাপপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। দিনের তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রাও কিছুটা বাড়বে। তবে, মাসের শেষ দিকে আকাশ আংশিক থেকে সম্পূর্ণরূপে মেঘলা হয়ে বৃষ্টি অথবা বৃষ্টিবলয়ের সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টিপাত হলে তাপমাত্রা কিছুটা কমে আসতে পারে এবং জনজীবনে স্বস্তি ফিরতে পারে বলে আশা করা হচ্ছে।
বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম আরও জানিয়েছে যে, আবহাওয়ার প্রকৃতি স্বভাবতই পরিবর্তনশীল। তাই পরিস্থিতি অনুযায়ী এই পূর্বাভাস আংশিক বা সম্পূর্ণ পরিবর্তিত হতে পারে।
রিপোর্টারের নাম 























