বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘এখন টিভি’র চার সাংবাদিককে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো এবং তাদের নিউজ রুমে প্রবেশে বাধা দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র প্রতিবাদ জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। সংগঠনটি মনে করে, ব্যক্তিগত মতপ্রকাশের জেরে সাংবাদিকদের বিরুদ্ধে এমন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ স্বাধীন সাংবাদিকতার পরিপন্থি।
বৃহস্পতিবার ডিআরইউর কার্যনির্বাহী কমিটির পক্ষে এক বিবৃতিতে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এই উদ্বেগ প্রকাশ করেন। বিবৃতিতে জানানো হয়, বাধ্যতামূলক ছুটিতে পাঠানো চার সাংবাদিক হলেন— মো. মুজাহিদুল ইসলাম (শুভ), মাহমুদ রাকিব, মোহাম্মদ আজহারুজ্জামান (আজহার লিমন) ও বেলায়েত হোসেন। উল্লেখ্য, এই চারজনের মধ্যে প্রথম তিনজন ডিআরইউর স্থায়ী সদস্য।
ডিআরইউ নেতৃবৃন্দ বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া পুরনো কোনো পোস্টকে কেন্দ্র করে সাংবাদিকদের বিরুদ্ধে এ ধরনের ব্যবস্থা নেওয়া অত্যন্ত অনভিপ্রেত। তারা মনে করেন, মতপ্রকাশের কারণে সাংবাদিকদের শাস্তির মুখে ঠেলে দেওয়া গণমাধ্যমের স্বাধীন চর্চাকে বাধাগ্রস্ত করে এবং এটি সাংবাদিকদের মৌলিক অধিকারের পরিপন্থি। এ বিষয়ে তথ্যমন্ত্রীর ইতিবাচক পদক্ষেপ নেওয়ার আশ্বাসকে ডিআরইউ স্বাগত জানালেও তারা মনে করে, প্রতিটি গণমাধ্যম প্রতিষ্ঠানের উচিত সংবাদকর্মীদের মর্যাদা ও পেশাগত অধিকার রক্ষা করা।
বিবৃতিতে এখন টিভি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে ডিআরইউ নেতারা বলেন, অবিলম্বে সংশ্লিষ্ট সাংবাদিকদের কাজে ফিরিয়ে নিতে হবে। এ ধরনের সিদ্ধান্ত কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দ্রুত এই আদেশ প্রত্যাহার করা না হলে সংগঠনের সদস্যদের স্বার্থ ও পেশাগত অধিকার রক্ষায় ডিআরইউ কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়।
রিপোর্টারের নাম 























